রামগতিতে মাদ্রাসা অধ্যক্ষকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার কামিল মাদ্রাসার সাময়িকভাবে বরখাস্ত অধ্যক্ষ ওমর ফারুককে পুনর্বহালের দাবিতে ছাত্রছাত্রীরা গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরে বিক্ষোভ করেছে।এদিকে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাকসুদুল হাসান অভিযোগ করেন, একটি অজ্ঞাত মুঠোফোন থেকে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া হত্যার হুমকি দিয়ে তাঁকে খুদেবার্তা পাঠানো হয়েছে। এ ব্যাপারে তিনি রামগতি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও দাখিল পরীক্ষায় বহিষ্কৃত চার ছাত্রছাত্রীর গোপনে পরীক্ষা নেওয়ার অভিযোগে মাদ্রাসা গভর্নিং বডি (পরিচালনা পর্ষদ) গত বছরের ২৯ জুন অধ্যক্ষ ওমর ফারুককে সাময়িকভাবে বরখাস্ত করে।বিক্ষোভে অংশ নেওয়া মাদ্রাসাছাত্রদের দাবি, অধ্যক্ষ ওমর ফারুককে কেন্দ্র করে একটি মহল মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এতে মাদ্রাসার লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তারা অধ্যক্ষ ওমর ফারুককে পুনর্বহালের দাবি করে।জানতে চাইলে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম হাসান আল আমিন বলেন, অধ্যক্ষ ওমর ফারুকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে একাধিক তদন্ত চলছে।