রামগতিতে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার, শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নিখোঁজের পরদিন গত বুধবার মেঘনা নদী থেকে নেয়ামত উল্লাহ নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, নেয়ামতকে অপহরণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, নেয়ামতের (১২) বাড়ি উপজেলার রমিজ গ্রামে। সে চর আফজল গ্রামের মোহছেনা বেগম তালিমুল কোরআন ও হাফেজিয়া মাদ্রাসায় পড়ত। মঙ্গলবার দুপুরে মাদ্রাসার অদূরে জায়গির বাড়ি থেকে দুপুরের খাবারের পর মাদ্রাসায় ফেরার পথে সে নিখোঁজ হয়। পরদিন বিকেলে উপজেলার মাছঘাটের অদূরে মেঘনা নদীতে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।নেয়ামতের বাবা মো. মনির হোসেন প্রথম আলোকে বলেন, তিনি ওই হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক এবং হাজি আহমদিয়া জামে মসজিদের ইমাম। একই মাদ্রাসার শিক্ষক মাহমুদ আব্বাস ওই মসজিদের মোয়াজ্জিন। মসজিদের ইমামতি নিয়ে মাহমুদের সঙ্গে কিছু দিন ধরে তাঁর বিরোধ চলছে। মনির হোসেনের অভিযোগ, এর জেরে তাঁর ছেলে নেয়ামতকে অপহরণের পর মাহমুদ হত্যা করেন এবং লাশ নদীতে ফেলে দেন।মাহমুদের বাড়ি উপজেলার চর আফজল গ্রামে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিয়া বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মাহমুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।