রামগতিতে মানবজমিনের যুগপূর্তি অনুষ্ঠান পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা যুবলীগের বাধার মুখে দৈনিক মানবজমিন পত্রিকার যুগপূর্তি উৎসব পণ্ড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রামগতি পৌরসভা চত্বরে গতকাল শনিবার বেলা তিনটায় ওই উৎসব শুরু হওয়ার কথা ছিল। জানা যায়, যুবলীগের কর্মীরা একই স্থানে সভা করার ঘোষণা দিয়ে অনুষ্ঠান-মঞ্চ দখল করলে গতকাল দুপুরে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।দৈনিক মানবজমিন পত্রিকার রামগতি প্রতিনিধি অপরূপ দাস জানান, এই পত্রিকার পাঠক ফোরাম ‘পাঠকজমিন’-এর রামগতি ও কমলনগর উপজেলা শাখা রামগতি পৌরসভা চত্বরে যুগপূর্তি উৎসবের আয়োজন করে। এতে বিএনপিদলীয় স্থানীয় সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন, রামগতিতে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের নারী সাংসদ ফরিদুন নাহার, সাবেক মন্ত্রী আ স ম আবদুর রবসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়।অপরূপ দাস অভিযোগ করেন, বিএনপির এ বি এম আশরাফ উদ্দিনকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন ক্ষুব্ধ হয়ে শুক্রবার রাতে পৌর চত্বরে প্রতিবাদ সভা করার ঘোষণা দেন। এই রাতেই যুবলীগের কর্মীরা ওই চত্বরে পাঠকজমিনের লোকজনকে তোরণ তৈরি করতে বাধা দেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা দখল করে নেন উৎসবের জন্য তৈরি করা মঞ্চ।এরপর প্রশাসনের পক্ষ থেকে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। এতে করে মানবজমিন পত্রিকার উৎসব পণ্ড হয়ে যায়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক খান জনান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দৌলতুজ্জামান খান গতকাল শনিবার বেলা আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উৎসবস্থলের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেন।প্রশাসন পৌর চত্বরে ১৪৪ ধারা জারি করায় উপজেলা যুবলীগ গতকাল সন্ধ্যায় উপজেলা সদর চর আলেকজান্ডার বাজারে প্রতিবাদ সভা করে।মেজবাহ উদ্দিন মঞ্চ তৈরিতে বাধা দেওয়া ও মঞ্চ দখল করার অভিযোগ অস্বীকার করেছেন।