রামগতিতে মেঘনার ভাঙন রোধে জংলাবাঁধ নির্মাণ শুরু
মেঘনার ভাঙন থেকে নিজেদের বসতভিটা রক্ষায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় গতকাল শুক্রবার থেকে জংলাবাঁধ নির্মাণ শুরু করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের স্বেচ্ছাশ্রমে নদীভাঙন প্রতিরোধ কমিটি এ বাঁধ নির্মাণ করছে।গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ এলাকায় যৌথভাবে বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেন মৎ স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন এবং বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। নদীভাঙন প্রতিরোধ কমিটির আহ্বায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রামগতি পৌর মেয়র শাহেদ আলী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য রেদোয়ান উল্লাহ প্রমুখ।আহ্বায়ক মোসলেহ উদ্দিন বলেন, উপজেলার ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা সদর এলাকা, উপজেলা কার্যালয়, স্বাস্থ্য কমপ্লেক্সসহ চারটি ইউনিয়ন ভাঙনের শিকার হয়েছে। এ ভাঙন থেকে রামগতিকে রক্ষার দাবিতে হাজার হাজার মানুষ মানববন্ধন করেছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই এলাকাবাসী নিজেদের বসতভিটা রক্ষায় নিজেরা স্বেচ্ছায় ভাঙন প্রতিরোধে এগিয়ে এসেছে।