লক্ষ্মীপুরের রামগতিতে গতকাল বৃহস্পতিবার সকালে ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে মাছ ধরার ছয়টি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এক জেলে নিখোঁজ রয়েছেন।
এদিকে প্রবল বর্ষণ ও ঝড়ের কারণে উপজেলায় শতাধিক কাঁচা বসতঘর বিধ্বস্ত হয়েছে। চর রমিজ ইউনিয়নের চরগোসাই গ্রামে গাছের নিচে চাপা পড়ে রহিমা বেগম (৫৫) নামে একজন মারা গেছেন।
চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেল্লাল হোসেন জানান, সকাল সাতটার দিকে ভারী বর্ষণসহ ঝোড়ো হাওয়া শুরু হয়। ওই সময় মেঘনা নদীতে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে আবু তাহের মাঝি, রহিম আলী মাঝি, আকবর মাঝি, আবদুল মতিন, আবদুর রব ও আজাদ মাঝির মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় মতিন মাঝির ট্রলারের জেলে মো. ফজলু (২২) নিখোঁজ হন। এদিকে ঝড়ে তাঁর ইউনিয়নের দুর্গম ও বিচ্ছিন্ন চরগজারিয়া ও তেলিরচরে অর্ধশতাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে।
বড়খেরি নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম জানান, সকাল সাড়ে আটটার দিকে ঝড়ের সময় চর রমিজ ইউনিয়নের চরগোসাই গ্রামে রহিমা বেগম (৫৫) নামে একজন গাছের নিচে চাপা পড়ে মারা গেছেন। রহিমা ওই গ্রামের মো. হানিফের স্ত্রী।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেলোয়ার হোসেন জানান, ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ার কবলে পড়ে উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে। অনেক গাছপালা ভেঙে পড়েছে।