রামগতিতে শ্বশুরকে হত্যার অভিযোগে গৃহবধূ গ্র্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর কলাকোপা কোডেক কলোনিতে শ্বশুরকে হত্যার অভিযোগে পুলিশ আমেনা বেগম নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মেয়ে প্রত্যক্ষদর্শী রিনা আক্তার জানান, গত বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জের ধরে তর্ক-বিতর্কের একপর্যায়ে তাঁর পিতা মো. শাজাহানকে (৫০) ভাবি আমেনা বেগম (রিনার বড় ভাই সাহাদাত হোসেনের স্ত্রী) মারধর করেন এবং ধস্তাধস্তির সময় অণ্ডকোষ চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পোড়াগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নাজিম উদ্দিন গতকাল শুক্রবার বিকেলে জানান, ময়নাতদন্ত শেষে শাজাহানের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করার ব্যবস্থা চলছে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্যাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং অভিযুক্ত আমেনা বেগমকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় নিহতের ছেলে সাহাদাত হোসেন তাঁর স্ত্রী আমেনা বেগমকে অভিযুক্ত করে থানায় মামলা করেন।