রামগতিতে সাংসদের আগমনে আচরণবিধি লঙ্ঘন হয়নি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর-২ (সদর আংশিক ও রায়পুর) আসনে জাতীয় পার্টির (জাপা) সাংসদ মোহাম্মদ নোমান রামগতি পৌর নির্বাচনী এলাকায় যাওয়ায় আচরণবিধি লঙ্ঘিত হয়নি। রামগতি উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচন কমিশনে পাঠানো তদন্ত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশন থেকে মৌখিকভাবে সাংসদ মোহাম্মদ নোমানের ব্যাপারে একটি তদন্ত প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে তদন্ত করে আজ একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপার সাংসদ মোহাম্মদ নোমান রামগতি উপজেলায় যাওয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে নির্বাচনী এলাকায় প্রবেশ না করার অনুরোধ করেন। এরপরও তিনি রামগতি পৌরসভার আলেকজান্ডার বাজারে গেলে আওয়ামী লীগের প্রার্থী মেজবাহ উদ্দিনের সমর্থকেরা তাঁকে বাধা দেন। পরে তিনি রামগতি থানায় ফিরে যান। তবে সাংসদ দাবি করেন, তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য রামগতিতে যাননি। তিনি তাঁর এক আত্মীয়কে দেখার জন্য গেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, সাংসদ কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নেননি। আর রিটার্নিং কর্মকর্তা এস এম শফি কামাল অনুরোধ করার পর তিনি লক্ষ্মীপুরে চলে যান। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়নি।