রামগতিতে সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতিতে সাড়ে তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটির মা চট্টগ্রামে পোশাক কারখানায় কাজ করেন। সে নানির সঙ্গে রামগতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি গ্রামে থাকে। শিশুটির পরিবার মামলা করার পর ধর্ষণে জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম বেল্লাল হোসেন (১৮)।

শিশুটির নানি বলেন, গত শনিবার সকালে শিশুটিকে ঘরে রেখে তিনি কাজে বাইরে যান। এ সুযোগে প্রতিবেশী বেল্লাল ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে বেল্লাল পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, শিশুটির অবস্থা গুরুতর। তার চিকিৎসা চলছে।

জানতে চাইলে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে বেল্লাল হোসেনকে আসামি করে শিশুর নানি থানায় ধর্ষণ মামলা দিয়েছেন। বেল্লালকে গ্রেপ্তার করা হয়েছে।