রামগতিতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের সশ্রম কারাদণ্ড
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী এলাকায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল শনিবার দুপুরে মো. রাবিদ (২৪) নামের এক যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ স ম হাসান আল আমিনের ভ্রাম্যমাণ আদালত ওই কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত যুবককে গতকালই বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।স্থানীয় বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জানান, রঘুনাথপুর গ্রামের মো. আলী হোসেনের ছেলে মো. রাবিদ দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। গতকাল শনিবার বিদ্যালয়ে যাওয়ার পথে ওই যুবক ছাত্রীটিকে উত্ত্যক্ত করে। একপর্যায়ে পথের মধ্যে তাকে মারধর করে। ওই সময় এলাকার লোকজন মো. রাবিদকে হাতেনাতে ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ স ম হাসান আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত মো. রাবিদ তার দোষ স্বীকার করায় দণ্ডবিধির ৫০৯ ধারায় তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।