রামগতিতে হত্যার ২১ দিন পর গৃহবধূর গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পশ্চিম চর লরেঞ্চ গ্রামে হত্যার ২১ দিন পর গত মঙ্গলবার রাতে গৃহবধূ কোহিনুর বেগমের মাটিচাপা লাশ উদ্ধার করা হয়েছে। যৌতুকের দাবিতে হত্যা করে তাঁকে মাটিচাপা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোহিনুরের স্বামী মো. রফিক ও শ্বশুর মো. নুরনবীকে গ্রেপ্তার করা হয়েছে। কোহিনুরের বাবা গোলাম সারোয়ার অভিযোগ করেন, রফিক যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে নির্যাতন করে আসছিল। গত ১৯ মে থেকে কোহিনুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই দিন থেকে রফিক ও তাঁর শিশুকন্যা রাবেয়া আক্তারও নিখোঁজ ছিল। গত রোববার রফিক মুঠোফোনে তাঁকে জানান, ঢাকায় নিমতলীর অগ্নিকাণ্ডে কোহিনুর পুড়ে মারা গেছেন। লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। রফিকের কথায় সন্দেহ হলে ওই দিনই কমলনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, মুঠোফোনে রফিকের সঙ্গে যোগাযোগ করে গত মঙ্গলবার তাঁকে শ্বশুরবাড়িতে ডেকে আনা হয়। পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। রফিক একপর্যায়ে জানান, পারিবারিক বিরোধের জের ধরে ১৯ মে গভীর রাতে তিনি কোহিনুরকে গলা টিপে হত্যা করেন। পরে লাশ বাড়ির পাশে পরিত্যক্ত পুকুরে মাটিচাপা দেন। পরদিন ১০-১২ জন শ্রমিক নিয়ে পুকুরটি ভরাট করে ফেলেন। সেখানে এক ব্যক্তিকে বসতঘরও তৈরি করে দেওয়া হয়। পরে রাবেয়াকে নিয়ে পালিয়ে ঢাকায় যান। রফিকের স্বীকারোক্তি অনুযায়ী, রাতে প্রায় ১০ ফুট মাটির নিচ থেকে কোহিনুরের গলিত ও বিকৃত লাশ উদ্ধার করা হয়। ওসি শাহ আলম আরও জানান, রফিক ও তাঁর বাবাকে গ্রেপ্তারের পর গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।