রামগতিতে ১২টি চোরাই গরু উদ্ধার আটক ২
লক্ষ্মীপুরের রামগতিতে গতকাল শুক্রবার ভোরে রামগতি থানা-পুলিশ ১২টি চোরাই গরু উদ্ধার করেছে। প্রায় তিন লাখ টাকা মূল্যের গরুগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে উদ্ধার করা হয়।
ওই ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হচ্ছেন উপজেলার চরগজারিয়া এলাকার আবদুল মালেকের ছেলে আবদুল গনি এবং শিক্ষাগ্রাম এলাকার আবদুল হাফেজের ছেলে জামাল উদ্দিন। আটক ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন জানান, হাতিয়া এলাকার মেঘনা নদীর ঢালচর থেকে গত বুধবার একদল জলদস্যু দুটো ট্রলারে করে ২৫-৩০টি গরু লুট করে। ওই ঘটনায় হাতিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ধারণা করা হচ্ছে, উদ্ধার করা গরুগুলো ঢালচর থেকে আনা হয়েছে। গরু উদ্ধারের বিষয়টি হাতিয়া থানাকে জানানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।