লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় দলীয় মেয়র প্রার্থীর পক্ষে ‘প্রচারণা’ চালাতে গিয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের বাধা ও ধাওয়ার মুখে গতকাল শুক্রবার দুপুরে থানায় আশ্রয় নেন লক্ষ্মীপুর-২ (সদর আংশিক ও রায়পুর) আসনের জাতীয় পার্টির সাংসদ মোহাম্মদ নোমান। পৌরসভার আলেকজান্ডার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
যুবলীগের নেতা-কর্মীদের অভিযোগ, সাংসদ জাতীয় পার্টির মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে রামগতিতে আসেন। এ কারণে তাঁকে বাধা দেওয়া হয়েছে। তবে সাংসদ মোহাম্মদ নোমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, প্রচারণা চালাতে নয়, তাঁর এক আত্মীয়কে দেখতে তিনি গতকাল রামগতিতে যান।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, বাধা পেয়ে সাংসদ থানায় আসেন। পরে তিনি বিকেলে থানা থেকে লক্ষ্মীপুরে চলে যান।
রামগতি উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সাংসদ মোহাম্মদ নোমান গতকাল দুপুরে সাত-আটটি মোটরসাইকেল ও তিনটি গাড়ি নিয়ে পৌরসভার আলেকজান্ডার বাজারে আসেন। আলেকজান্ডার পাইলট উচ্চবিদ্যালয়ের পাশে জাতীয় পার্টির রামগতি পৌরসভার মেয়র প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরীর নির্বাচনী কার্যালয়ে যাওয়ার পথে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকেরা তাঁর গাড়িবহর আটকে দেন।
মেজবাহ উদ্দিনের দাবি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সাংসদ রামগতিতে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণার কাজে আসেন। এ জন্য তাঁকে আলেকজান্ডার বাজার থেকে ফিরিয়ে দেওয়া হয়।
তবে সাংসদ মোহাম্মদ নোমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য নয়, তাঁর এক আত্মীয়কে দেখার জন্য তিনি গতকাল রামগতি যাচ্ছিলেন। আলেকজান্ডার বাজার এলাকায় পৌঁছানোর পর ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তাঁকে বাধা দেন। পরে তিনি রামগতি থানায় গিয়ে আশ্রয় নেন। পরিস্থিতি শান্ত হলে তিনি লক্ষ্মীপুরে ফিরে আসেন।
সাংসদ দাবি করেন, তাঁর সঙ্গে গাড়িবহর ছিল না। ব্যক্তিগত গাড়ি নিয়ে রামগতিতে যান তিনি। সেখানে তাঁর কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। রামগতিতে যাওয়ার আগে তিনি লক্ষ্মীপুরের পুলিশ সুপার ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি জানিয়েছিলেন।
জানতে চাইলে রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাকির মাহমুদ বলেন, সাংসদ আচরণবিধি লঙ্ঘন করেছেন—এ ধরনের কোনো অভিযোগ কেউ করেনি। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে।
জাতীয় পার্টির মেয়র প্রার্থী আজাদ উদ্দিনের ভাই নুরুল আমিন গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সাংসদকে নিয়ে প্রচারণা চালানোর কোনো কর্মসূচি তাঁদের ছিল না।