রামগতির ওসির অপসারণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিঞার অপসারণের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছেন। অভিযোগ উঠেছে, মুক্তিযোদ্ধাদের নামে বন্দোবস্ত দেওয়া ৬০০ একর জমির আমন ধান বিক্রির টাকা ওসি আত্মসাৎ করেছেন।ওসির অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধারা। পরে তাঁরা উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করেন।মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ড কাউন্সিল এবং উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।মানববন্ধন শেষে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা সংসদের লক্ষ্মীপুর জেলা ইউনিটের কমান্ডার মো. আনোয়ারুল হক, ডেপুটি কমান্ডার মো. নুরুজ্জামান, কমলনগর উপজেলা ইউনিটের কমান্ডার হাজি নুরুল ইসলাম ও রামগতি পৌরসভার সাবেক মেয়র আজাদ উদ্দিন প্রমুখ।এর আগে গত শনিবার একই অভিযোগে উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি ওসির ‘অপকর্মের’ বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। এ ছাড়া অর্থ আত্মসাতের অভিযোগে মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুজ্জাহের বাদী হয়ে ৮ ফেব্রুয়ারি ওসি ইসমাইলকে প্রধান আসামি করে নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে মামলা করেন। ১২ ফেব্রুয়ারি প্রথম আলোয় এ-সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়।আবদুজ্জাহের প্রথম আলোকে বলেন, ১৯৮৮-৮৯ সালে সরকার লক্ষ্মীপুর সদর, রামগতি ও রায়পুর উপজেলার ৩০০ জন অসচ্ছল মুক্তিযোদ্ধাকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার দক্ষিণ চরবাগ্গা ও চরবাগ্গা মৌজার ৬০০ একর খাসজমি বন্দোবস্ত দেয়। বহুমুখী সমবায় সমিতি গঠন করে মুক্তিযোদ্ধারা বন্দোবস্ত পাওয়া ওই খাসজমি ভোগ দখল করে আসছিলেন। কিন্তু কিছু দস্যু গত নভেম্বর-ডিসেম্বরে ওই জমির আমন ধান লুটপাটের পাঁয়তারা করে। নোয়াখালী ও লক্ষ্মীপুরের পুলিশ সুপারের কাছে ধান রক্ষা করার জন্য আবেদন করা হলে রামগতি ও সুবর্ণচর (চরজব্বর) থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। আবদুজ্জাহের বলেন, গত ১৮ ডিসেম্বর রামগতি থানার ওসি ইসমাইল স্থানীয় প্রভাবশালী মাইনউদ্দিন সর্দারের নেতৃত্বে আট সদস্যের কমিটি গঠন করে মুক্তিযোদ্ধাদের ধান সংগ্রহের দায়িত্ব দেন। কমিটি ওই ধান সংগ্রহ করে ১৬ লাখ টাকা বিক্রি করে। কিন্তু মুক্তিযোদ্ধাদের না দিয়ে ওই টাকা ওসি আত্মসাৎ করেন। তবে অভিযোগ প্রত্যাখ্যান করে ওসি ইসমাইল বলেছেন, ব্যক্তিগত আক্রোশ থেকে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।