রামগতির চর ডাক্তার গ্রামকে বাল্যবিবাহ মুক্ত রাখার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর ডাক্তার গ্রামকে ‘বাল্যবিবাহমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে।এ উপলক্ষে গত রোববার বিকেলে চর ডাক্তার বুড়া কর্তার আশ্রম প্রাঙ্গণে স্থানীয় ভূমিহীন সমিতি এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম হাসান আল আমিন।অনুষ্ঠানে আলোচকেরা বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। এ সময় প্রায় এক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। তাঁরা গ্রামটিকে বাল্যবিবাহমুক্ত রাখার প্রতিশ্রুতি দেন।ইউএনও আল আমিন বাল্যবিবাহের বিরুদ্ধে প্রণীত আইনের উল্লেখ করে বলেন, কোনোভাবেই বাল্যবিবাহ গ্রহণযোগ্য নয়। তিনি চর ডাক্তার গ্রামকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করে এ কাজে জনপ্রতিনিধিসহ সবার সহযোগিতা কামনা করেন।গ্রামটিকে বাল্যবিবাহমুক্ত রাখার কাজ তদারকিতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ভূমিহীন সমিতি চর ডাক্তার গ্রাম কমিটির সভাপতি চন্দনা রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চর বাদাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মাওলা চৌধুরী, রামগতি পৌরসভার কাউন্সিলর রীনা রানী দাস, অপরূপ দাস, বেসরকারি সংস্থা ‘নিজেরা করি’র চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া, ভূমিহীন নেত্রী মৌমিতা বাড়ৈ ও রাজিয়া সুলতানা।