
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দক্ষিণাঞ্চল থেকে উপজেলা সদর আলেকজান্ডারে যাতায়াতের চারটি সড়কই চলাচলের প্রায় অনুপোযোগী হয়ে পড়েছে। সড়কগুলোতে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। সড়কগুলো দিয়ে হালকা যানবাহন ছাড়া ভারী কোনো যানবাহন চলাচল করতে পারে না।
স্থানীয় সূত্র জানায়, চারটি সড়কের দুরবস্থার কারণে উপজেলার দক্ষিণাঞ্চলের চর গাজী, বড়খেরি, চর রমিজ, চর আলগী, চর বাদাম ও চর পোড়াগাছা ইউনিয়নের লোকজন উপজেলা সদরে যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, চার-পাঁচ বছর আগে উপজেলার দক্ষিণাঞ্চল থেকে সদরে আসার প্রধান রাস্তা আলেকজান্ডার-সোনাপুর সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের অংশ মেঘনা নদীর ভাঙনের মুখে পড়ে। ভাঙন ঠেকানোর জন্য দুই বছর ধরে সেখানে বাঁধ নির্মাণের কাজ চলছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কের কিছু অংশের (প্রায় ৫০০ ফুট) ওপর বাঁধ তৈরি করা হয়েছে, কিন্তু সেখানে বিকল্প কোনো সড়ক নির্মাণ করা হয়নি।
স্থানীয় লোকজন বলেন, নির্মাণাধীন বাঁধের পাশ দিয়ে শুকনো মৌসুমে কিছু হালকা যানবাহন চলাচল করলেও বৃষ্টির সময় তা বন্ধ হয়ে যায়। সড়কের ওই অংশ দিয়ে যাতায়াতের সময় যাত্রীদের কাদা ও ধুলায় নাকাল হতে হয়।
এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ক্ষতিগ্রস্ত সড়ক এড়িয়ে নুরিয়া হাজিরহাট সড়ক হয়ে পৌরসভার সাহাপাড়া সড়ক ও আরসি সড়ক ব্যবহার করে বিকল্প পথে উপজেলা সদরে যাতায়াত করা যায়। তবে ওই তিনটি সড়কেও খানাখন্দ সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, নুরিয়া হাজিরহাট সড়কের চর হাসান-হোসেন মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা থেকে চর সেকান্দর পাটোয়ারীপাড়া মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার অংশে কার্পেটিং উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে।
চর হাসান-হোসেন এলাকার শরিফ হোসেন, লুজারবাজার এলাকার মো. বাবুল, নুরিয়া হাজিরহাট বাজারের ব্যবসায়ী আবুল কাশেম বলেন, দীর্ঘদিন ধরে এই সড়ক সংস্কার করা হচ্ছে না। এতে করে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এদিকে উপজেলা পরিষদ চত্বর থেকে সরদারপাড়া পর্যন্ত আরসি সড়কটির প্রায় এক কিলোমিটার অংশে খোয়া উঠে গেছে। এ আখের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে সাহাপাড়া সড়কের ১০০ থেকে ১৫০ মিটার অংশের কার্পেটিং উঠে গেছে। ওই সড়কের সুলতান ব্যাপারীবাড়ির পাশে একটি ছোট সেতুও ভেঙে গেছে।

উপজেলা সদরের আলেকজান্ডারে আ স ম আবদুর রব সরকারি কলেজের শিক্ষার্থী জুলফিকার আলী, আলেকজান্ডার কামিল মাদ্রাসার শিক্ষার্থী তামান্না বেগম, বেনজিন নাহার ও নাবিলা আক্তার বলেন, সড়কের এই অবস্থার কারণে চর পোড়াগাছার হাজিগঞ্জ বাজার এলাকা থেকে ক্লাসে যেতে তাঁদের সমস্যা হচ্ছে।
লেগুনাচালক মো. আমির হোসেন ও মো. ইউছুফ বলেন, ভাঙাচোরা সড়কের কারণে গাড়িরও ক্ষতি হচ্ছে। আর সামান্য বৃষ্টি হলে গাড়ি চালানো বন্ধ রাখতে হয়।
বড়খেরি ইউনিয়নের রঘুনাথপুরের দলিল লেখক মো. নিজাম উদ্দিন বলেন, ভাঙাচোরা সড়ক শুকনো মৌসুমে ধুলায় ভরে যায় আর বৃষ্টি হলে ভরে যায় কাদায়। এ অবস্থায় উপজেলা সদরে কাজে যেতে দুর্ভোগে পড়তে হচ্ছে।
বড়খেরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসান মাহমুদ ফেরদৌস বলেন, সড়ক বেহাল হওয়ায় দক্ষিণাঞ্চল থেকে উপজেলা সদরে যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। বর্ষায় এই দুর্ভোগ বেড়ে যায়। তিনি সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানান।
লক্ষ্মীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রায় ৫০০ ফুট সড়ক নির্মাণাধীন বেড়িবাঁধের নিচে পড়েছে। সেখানে সওজের জমি নেই। বিকল্প সড়ক নির্মাণ করতে হলে জমি অধিগ্রহণ করতে হবে।
রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন বলেন, সাহাপাড়া সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, জেলা পরিষদ গত অর্থবছরে আরসি সড়কটি সংস্কারের জন্য ২৩ লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করেছে।
এলজিইডির রামগতি উপজেলা প্রকৌশলী জি এম কামাল বলেন, নুরিয়া হাজিরহাট সড়ক সংস্কারের জন্য প্রায় ৭৮ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। ওই সড়কের মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা এলাকায় ক্ষতিগ্রস্ত ৭০০ মিটার অংশ সংস্কারের জন্য পৃথক একটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা আছে। তবে বর্ষার আগে কাজ করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না।