বিএনপি–সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা
রামগতির দুই ইউনিয়নে নির্বাচন আজ
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ ও চরগাজী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ করা হবে আজ বৃহস্পতিবার।
এদিকে বিএনপি-সমর্থিত দুই চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
১৯৯৭ সালে ওই দুই ইউনিয়নে সর্বশেষ নির্বাচন হয়। সীমানা বিরোধ নিয়ে মামলার কারণে ১৮ বছর সেখানে নির্বাচন স্থগিত ছিল।
গতকাল বুধবার লক্ষ্মীপুর শহরে আয়োজিত সংবাদ সম্মেলনে চর রমিজ ও চরগাজী ইউপি নির্বাচনে বিএনপি-সমর্থিত দুই চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে চর রমিজ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী শরাফ উদ্দিন আজাদ ও চরগাজী ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মীর আক্তার হোসেন বলেন, প্রার্থী ও ভোটারদের মারধর, পুলিশের হয়রানি, বাড়িতে গিয়ে নির্বাচনী এজেন্টদের হুমকি ও মারধর এবং নির্বাচনী পরিবেশ না থাকায় তাঁরা নির্বাচন বর্জন করছেন।
রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ জানান, নির্বাচনে চর রমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে চারজন, সাধারণ সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৭ জন এবং চরগাজী ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান পদে ছয়জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।