রামগতির নয় জেলে নয় দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে ট্রলারে করে মাছ ধরতে যাওয়ার পর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম এলাকা চর গজারিয়ার নয়জন জেলে নয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। এই জেলেরা সাগরে জলদস্যুদের কবলে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।নিখোঁজ জেলেরা হলেন মো. মহিউদ্দিন, মো. ফারুক, মো. ফজলুল হক, মো. আবু, মো. শাজাহান, হেলাল উদ্দিন, মাকসুদ, শাহাদাত হোসেন ও মো. ইদ্রিছ মাঝি। বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলে গভীর সাগরে দুই দিন ধরে যেসব জেলের লাশ ভাসমান দেখা যাচ্ছে, তার মধ্যে এই জেলেরাও থাকতে পারেন বলে আশঙ্কা করছে এসব জেলের পরিবার।নিখোঁজ জেলে মহিউদ্দিনের ভাই রামগতির চর আবদুল্লাহ (চর গজারিয়া-তেলিরচর) ইউনিয়ন পরিষদের সদস্য মো. মনির উদ্দিন জানান, মহিউদ্দিনসহ রামগতির ওই নয়জন জেলে চট্টগ্রামের বাঁশখালী এলাকার আবদুর রহিম কোম্পানির ট্রলারে করে গভীর সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। গত ২৬ মার্চ তাঁরা জলদস্যুদের কবলে পড়েন। এর পর থেকে ট্রলারসহ এই জেলেরা নিখোঁজ রয়েছেন।বাঁশখালীর উপকূলে কয়েকজন জেলের ভাসমান লাশ পাওয়ার খবর পেয়ে নিখোঁজ জেলে ফারুকের মামা নূর মোহাম্মদ সেখানে গেছেন। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁরা ফারুকের কোনো খোঁজ পাননি।