রামগতির বাংলাবাজারে মেঘনার ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের বাংলাবাজার মেঘনা নদীর ভাঙনে বিলীন হতে চলেছে। গত দুই মাসে এ বাজারের একটি মসজিদসহ ২৫টি দোকান নদীতে বিলীন হয়েছে। ভাঙনের মুখে রয়েছে আরও শতাধিক দোকান। ভাঙনের ঝুঁকিতে পড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া ইতিমধ্যে বিলীন হয়ে গেছে বাজারের পাশের কমপক্ষে ৩০টি বসতঘর।

গত বুধবার সরেজমিনে দেখা যায়, বাজারটির দক্ষিণ পাশের সাত থেকে আটটি দোকানের অর্ধেকেরও বেশি অংশ নদীতে চলে গেছে। মালপত্র ও অবকাঠামো সরিয়ে নিয়েছেন দোকানিরা। মেঝের কিছু অংশ জানান দিচ্ছে এখানে দোকান ছিল। এসব দোকানের মেঝেতে বসে জেলেরা জাল মেরামত করছেন।

জেলেদের একজন কাঞ্চন মাঝি। তিনি বলেন, মাসখানেক আগেও এখানে দোকানঘর ছিল। ভাঙন বেড়ে যাওয়ায় দোকানগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

বাংলাবাজার উন্নয়ন কমিটির সভাপতি মো. সাহাব উদ্দিন জানান, গত মার্চ-এপ্রিল মাসে ঝড়ো হাওয়া আর উত্তাল ঢেউয়ের কারণে মেঘনার ভাঙন তীব্র হলে বাজারের দক্ষিণ অংশের ১০টি দোকান নদীতে বিলীন হয়। এরপর ঘূর্ণিঝড় মোরার প্রভাবে ভাঙন আরও বাড়ে। এর মধ্যে ১৫টি দোকান নদীতে ধসে পড়ে। এখনো ভাঙন অব্যাহত রয়েছে। দুই-এক মাসের মধ্যেই বাজারটি সম্পূর্ণ বিলীন হয়ে যাবে বলে তিনি আশঙ্কা করছেন। এই বাজারে দোকান ছিল দেড় শতাধিক।

বাজারসংলগ্ন সৈয়দ মিয়ার বাড়ি এলাকার বাসিন্দা আবুল কালাম (সাবেক ইউপি সদস্য) বলেন, গত মার্চ মাস থেকে তাঁর বাড়ির আশপাশের আটটিসহ প্রতিবেশী অলিমিয়া বহদ্দার বাড়ি ও মফু মাঝির বাড়ির ৩০টি বসতভিটা বিলীন হয়েছে। ভাঙনের মুখে পড়ায় বাজারের পাশের চরগেছপার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থানান্তর করা হয়েছে।

চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহামদ উল্লাহ বলেন, বাংলাবাজারসহ ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এলাকায় বেশি ভাঙছে। পানি উন্নয়ন বোর্ডের লোকজন বিভিন্ন সময়ে ভাঙনকবলিত এলাকা দেখে গেছেন। প্রতিরোধের জন্য তাঁদের কাছে দাবি জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো কাজ হয়নি।

জানতে চাইলে রামগতিতে কর্মরত পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, রামগতি ও কমলনগর উপজেলায় ৩৭ কিলোমিটার এলাকায় মেঘনা নদীর অব্যাহত ভাঙন প্রতিরোধের জন্য ‘নদীর তীর সংরক্ষণ’ প্রকল্পের কাজ চলছে। এ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ের ১৯৮ কোটি টাকার কাজ বাস্তবায়ন করা হচ্ছে। চর আলেকজান্ডার ইউনিয়নের বাংলাবাজার এলাকার ভাঙন প্রতিরোধের কাজ এ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় বাস্তবায়ন করা হবে।