রামগতির মেঘনা নদীতে কোস্টগার্ডের সঙ্গে ডাকাত দলের সংঘর্ষ, আহত ৭
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর চর গজারিয়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে কোস্টগার্ডের সঙ্গে ডাকাতদের সংঘর্ষ হয়েছে। এতে কোস্টগার্ডের দুই সদস্যসহ সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। এদিকে কোস্টগার্ডের ভোলা জোন (দক্ষিণ জোন) থেকে অতিরিক্ত ফোর্স এসে গতকাল দুপুরে ঘটনাস্থলে অভিযান চালায়।কোস্টগার্ডের রামগতি কনটিনজেন্টের কমান্ডার মো. সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ২০-২২ জনের একদল সশস্ত্র ডাকাত একটি বড় ট্রলার নিয়ে মেঘনা নদীর চর গজারিয়া এলাকায় মালবাহী একটি জাহাজে হামলা চালায়। এ সময় ওই জাহাজ থেকে ওয়ারল্যাসে কোস্টগার্ডের সহায়তা চাইলে টহলরত পাঁচ সদস্যের কোস্টগার্ড দল তাদের উদ্ধার করতে এগিয়ে আসে। কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের দিকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে ডাকাতদের ট্রলারটি চরে আটকে যায়। কোস্টগার্ডের টহল বোটটিও চরে আটকে পড়ে। ডাকাতেরা ট্রলার থেকে চরে নেমে আবারও এলোপাতাড়ি গুলি ছুড়ে এবং ট্রলারটি চর থেকে নামানোর চেষ্টা করে। কোস্টগার্ডও ডাকাতদের লক্ষ্য করে গুলি ছুড়ে।সাইফুল ইসলাম আরও জানান, ডাকাতের গুলিতে কোস্টগার্ডের সিম্যান রেদেয়ানুল হক ও লিডিং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (এলএমএ) দেলোয়ার হোসেন আহত হন। এ সময় পাঁচজন ডাকাতও গুলিবিদ্ধ হয়। একপর্যায়ে ডাকাতেরা গুলিবিদ্ধ পাঁচ সদস্যকে ট্রলারে করে পালিয়ে যায়।রামগতির বড়খেরি নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজী আলাউদ্দিন বলেন, গুলিবিদ্ধ কোস্টগার্ডের সদস্য রেদেয়ানুল ও দেলোয়ারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।