রামগতির মেঘনা নদীতে মাছ ধরার ১৫টি ট্রলারে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীর চর গজারিয়া-তেলিরচর এবং হাতিয়া চ্যানেলের মৌলভীরচর এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে মাছ ধরার ১৫টি ট্রলারে ডাকাতি ও ছিনতাই হয়েছে। ওই সময় ডাকাতেরা মুক্তিপণের দাবিতে পাঁচ জেলেকেও অপহরণ করেছে। নাম প্রকাশ না করার শর্তে ডাকাতের কবলে পড়া ক্ষতিগ্রস্ত কয়েকজন জেলে জানান, রাত দেড়টার সময় নোয়াখালীর হাতিয়া উপজেলার দুর্গম কেরিংচর এলাকার জলদস্যু নিজাম ডাকাতের দল ইঞ্জিনচালিত দ্রুতগামী দুটি ট্রলার নিয়ে মাছ ধরার ট্রলারগুলোতে হামলা চালায়।তারা অস্ত্রের মুখে জিম্মি করে জেলেদের বিভিন্ন চরে নামিয়ে দিয়ে একের পর এক ট্রলার কেরিংচরের আস্তানার দিকে নিয়ে যায়। ওই সময় তারা রামগতি মাছঘাটের তিন জেলেসহ পাঁচ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে। রামগতি মাছঘাটের অপহূত জেলেরা হচ্ছেন, রহিম মাঝি, মিয়া মাঝি ও আবদুল মাঝি। অপহূত অপর দুজনের নাম জানা যায়নি। সূত্র আরও জানায়, ছিনতাই হওয়া ট্রলারগুলোর মধ্যে রামগতি মাছঘাটের জসিম বেপারী ও আজাদ বেপারীর আড়তের দুটি করে ট্রলার এবং জাফর বেপারী, দিদার বেপারী, মো. সুমন, মো. জসিম উদ্দিন, মিয়া মাঝি ও বাছেক মাঝির গদির একটি করে ট্রলার রয়েছে।এক রাতে ১৫ ট্রলারে ডাকাতি, ছিনতাই ও পাঁচ জেলে অপহূত হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কোস্টগার্ডের রামগতি কন্টিজেন্টের কমান্ডার মো. খোশবার আলী বলেন, ‘ঘটনাটি রামগতি মাছঘাট এলাকায় শুনেছি, তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি।’ তিনি বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তাদের একটি দল গতকাল শুক্রবার সকাল থেকেই মাঠে কাজ করছে।