রামগড় চা-বাগানের গাছ কেটে পাচার
খাগড়াছড়ির রামগড় চা-বাগান থেকে অবৈধভাবে বিভিন্ন প্রজাতির গাছ কেটে পাচার হচ্ছে। ইতিমধ্যে দুই সহস্রাধিক গাছ পাচার করা হয়েছে। পাচারের অপেক্ষায় রয়েছে আরও অনেক গাছ। এসব গাছ পাচারের আগে বাগানের ভেতরে অবৈধভাবে স্থাপিত করাতকলে টুকরো করা হয়। এ ক্ষেত্রে বাগান কর্তৃপক্ষের সঙ্গে বন বিভাগের আঁতাতের অভিযোগ রয়েছে।চা বোর্ডের সচিব জাফর আলম জানান, গাছ কেটে বাইরে নিতে হলে বিস্তারিত তথ্য জানিয়ে বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করতে হয়। তারপর বোর্ডের সংশ্লিষ্ট বিভাগ খোঁজ নিয়ে আবেদনের পক্ষে যৌক্তিক কারণ থাকলে অনুমতির সুপারিশ করে। পরবর্তী সময়ে বিধি মোতাবেক নির্দিষ্ট সংখ্যক গাছ কাটার অনুমতি দেওয়া হয়। তিনি বলেন, অনুমতি ছাড়া গাছ কেটে বাইরে নেওয়া অপরাধ। গাছের সংখ্যা বেশি হলে চা বোর্ডের অনুমতি ছাড়াও বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা আলী কবির বলেন, অনুমতি ছাড়া গাছ কেটে বাইরে নেওয়া ও বাগানের ভেতর করাতকল বসানো অবৈধ।এক হাজার ৪০০ একরের রামগড় চা-বাগানে সরেজমিনে দেখা যায়, ৩৫ নম্বর সেকশনের গোলটিলায় তিন শতাধিক গাছ কাটা হয়েছে। ১৮, ১৯, ৩০, ৩১, ৩২ ও ৩৩ নম্বর সেকশনে এবং ক্লোন ২, ৩, ৪ ও ৫ নম্বর সেকশনে অনেক গাছ কাটা হয়েছে। বাগানের ভেতরে রয়েছে অসংখ্য গাছের কাটা গোড়া। কোনো কোনো জায়গায় গোড়া উঠিয়ে ফেলা হয়েছে। কোথাও উঠানোর চেষ্টা করা হলেও উঠানো যায়নি।বাগানের ১৮ ও ১৯ নম্বর সেকশন-সংলগ্ন এলাকার বাসিন্দা মোস্তফা হোসেন, ফারুক মিয়া, মো. মাসুদ, আলমগীর হোসেন ও মো. হূদয় মিয়া বলেন, গাছ কেটে প্রথমে স্তূপাকারে রাখা হয়। সুযোগ বুঝে পরে এগুলো করাতকলে সাইজ করে ট্রাকে ভর্তি করে পাচার করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একরামুল হক ওরফে বাবুল অভিযোগ করেন, বাগান কর্তৃপক্ষ নির্বিচারে গাছ কেটে বাইরে পাচার করছে। ইতিমধ্যে দুই সহস্রাধিক গাছ কেটে পাচার করে এখন চোরের ওপর দোষ চাপানো হচ্ছে। পাচারের অপেক্ষায় রয়েছে আরও অনেক গাছ। তিনি আরও বলেন, এই অবৈধ কাজে বাধা দেওয়ার যেন কেউ নেই।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাটা গাছ অন্যত্র সরিয়ে নিতে শ্রমিকদের সম্ভাব্য বাধা এড়াতে কর্তৃপক্ষ কৌশলে অন্য বাগানে নেওয়ার কথা বলে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন চা-শ্রমিক জানান, চুরি হয় পাঁচটা, মালিক কাটে ৫০টা। চোখের সামনে এভাবেই সাবাড় হচ্ছে গাছ। বাগানের ভেতর বসানো করাতকলে গাছ সাইজ করা হয়। এসব বিষয়ে শ্রমিকসর্দার ও পঞ্চায়েত নেতারা নীরব থাকেন।সম্প্রতি বাগানের ১৮ ও ১৯ নম্বর সেকশনে গিয়ে দেখা যায়, পঞ্চায়েত নেতা মিন্টু দে ও অনিল দের তদারকিতে ছয়জন শ্রমিক গাছ কাটছেন। জানতে চাইলে তাঁরা বলেন, কর্তৃপক্ষের নির্দেশে গাছ কাটা হচ্ছে। গত তিন বছরে কয়েক দফায় দুই থেকে আড়াই হাজার গাছ কাটা হয়েছে। ২০-২৫ কিংবা ৩০ বছর বয়সী এসব গাছ চা-বাগানের জন্য খুবই উপকারী ছিল। চা-গাছের ছায়া ও ঝোড়ো হাওয়া প্রতিরোধে এসব গাছ উপকারে আসত। তাঁরা আরও জানান, বাগানে প্রায় চার হাজার গাছ চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এগুলো কাটা হবে। তাঁরা বলেন, চোর নিয়ে যায় প্রতিদিনই, না কেটে উপায় কী? কাটা গাছ অন্যত্র নেওয়ার বিষয়টিও তাঁরা স্বীকার করেন।বাগানের মহাব্যবস্থাপক আবু বক্কর ছিদ্দিক বলেন, গাছগুলো পরিপক্ব, রেখে দিলে নষ্ট হবে, তাই নিজেদের প্রয়োজনে এগুলো কেটে ব্যবহার করা হচ্ছে। চা বোর্ড কিংবা বন বিভাগের অনুমতির বিষয়ে তিনি বলেন, ‘নিজেদের গাছ, অনুমতি লাগবে কেন?’ গাছ পাচারের বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, এগুলো অপপ্রচার।চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক হুমায়ুন করীর বলেন, চা-বাগানের গাছ পাচারের বিষয়ে তিনি জানেন। কয়েক দিন আগে রামগড়-হেয়াকো সড়কে বিডিআরের সহযোগিতায় গাছ আটক করা হয়েছিল। তারপর কিছু দিন বন্ধ ছিল। বাগানের ভেতর করাতকল স্থাপনের বিষয়টি নিশ্চিত করে তিনি দাবি করেন, বাগান কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের অনৈতিক সর্ম্পক তাঁদের নেই।