রামগড় থেকে ঘুনধুম পর্যন্ত ৮৩২ কিমি সীমান্ত সড়ক হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খাগড়াছড়ির রামগড় থেকে বান্দরবানের ঘুনধুম সীমান্ত পর্যন্ত ৮৩২ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্ত রক্ষা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এ সড়ক নির্মাণ জরুরি। গত শুক্রবার সকালে বান্দরবান শহরের মেঘলা পর্যটন কেন্দ্রে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে বান্দরবান-কেরানীহাট সড়ক প্রশস্তকরণ প্রকল্প এলাকা ঘুরে দেখেন তিনি।

        ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রাম-কক্সবাজারের আরাকান সড়ক চার লেনে উন্নীত করার কাজও শুরু করা হবে। জাইকা এ কাজে অর্থ সহায়তা দেবে। একই সঙ্গে ১৮৫ কোটি টাকা ব্যয়ে বান্দরবান-কেরানীহাট সড়ক প্রশস্তকরণ ও উঁচু করার কাজ শুরু করা হবে।

মন্ত্রী বলেন, খাগড়াছড়ির রামগড় থেকে রাঙামাটির বাঘাইছড়ি-বড়কল-বিলাইছড়ি হয়ে বান্দরবানের রোয়াংছড়ি-রুমা-থানচি-আলীকদম ও নাইক্ষ্যংছড়ির ঘুনধুম পর্যন্ত সীমান্ত সড়ক নির্মাণের কাজও শুরু করা হবে। সড়কটি নির্মাণ শেষ হলে দুর্গম পার্বত্য এলাকায় সীমান্ত রক্ষার কাজ সহজ হবে।

এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ও পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।