রামগড় স্থলবন্দর নির্মাণের কাজ শুরু হবে এই বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের শেষের দিকে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর নির্মাণের কাজ শুরু হবে। গতকাল সোমবার খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত গণপরামর্শ সভায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এ কথা বলেছেন।

সভায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে রামগড় স্থলবন্দর নির্মাণের কাজ চলতি বছরের শেষের দিকে শুরু হবে। ইতিমধ্যে স্থলবন্দর নির্মাণের জন্য রামগড়ের মহামনি এলাকায় ১০ একর জমি অধিগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবিত রামগড় স্থলবন্দরের উন্নয়ন বিষয়ে ডাকা এই গণপরামর্শ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা) নুরুল আলম চৌধুরী, বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ নুরুল ইসলাম, স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসান আলী।

সভায় আঞ্চলিক পরিষদের সদস্য রক্তোৎপল ত্রিপুরা, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ফরহাদ, জেলা পরিষদের সদস্য মংশেপ্রু চৌধুরী, খাগড়াছড়ি চেম্বার অব কমার্সের সভাপতি সুদর্শন দত্তসহ জনপ্রতিনিধিরা স্থলবন্দর বিষয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন।