রামগড়ে আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় সড়ক অবরোধ, পরে মুক্তি
আওয়ামী লীগের স্থানীয় একজন নেতাকে গ্রেপ্তার করায় খাগড়াছড়ির রামগড় উপজেলা সদরে গতকাল সকাল থেকে প্রায় পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই নেতা হলেন, রামগড় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি করিমুল হক (৪৪)।দুপুরে রামগড়ে প্রশাসনের সঙ্গে জেলা আওয়ামী লীগের নেতারা বৈঠক করার পর বেলা আড়াইটার দিকে থানা থেকে মুচলেকা দিয়ে করিমুল হক ছাড়া পান। তার আগে বেলা একটার দিকে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।স্থানীয় প্রশাসন সূত্র জানায়, দুই দিন আগে স্থানীয় একটি মারামারির ঘটনায় মামলা হলে ওই মামলার আসামি হিসেবে করিমকে পুলিশ আটক করে গত সোমবার গভীর রাতে। মামলার বাদী ছিলেন স্থানীয় বাসিন্দা নুরুল হক।রামগড় থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জোবায়ের প্রথম আলোকে জানান, ‘করিমের গ্রেপ্তারের খবর পেয়ে সকাল থেকে তাঁর দলীয় লোকজন রাস্তায় নেমে আসে। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে করিমের মুক্তির জন্য স্লোগান দিতে থাকে।’এতে স্থানীয়ভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরে জেলা সদর থেকে রামগড় আসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমসহ অন্য নেতারা। তাঁরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। প্রায় এক ঘণ্টার বৈঠকে সমঝোতা হওয়ায় বাদী মামলা প্রত্যাহারে রাজি হন। এর পর পরই বেলা একটার দিকে দলীয় নেতা-কর্মীরা অবরোধ প্রত্যাহার করে নেন।