রামগড়ে চা-বাগানের গাছ পাচার বেড়েছে
কয়েক মাস বন্ধ থাকার পর খাগড়াছড়ির রামগড় চা-বাগানে পুনরায় আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। বাগানের বিপুলসংখ্যক গাছ পাচারের খবর পত্রপত্রিকায় প্রকাশিত হলে গত বছর আগস্ট মাস থেকে গাছ কাটা বন্ধ থাকে। সম্প্রতি তা আবার বেড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক রামগড় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘যেভাবে গাছ কাটা হচ্ছে, তা খুবই দুঃখজনক। এভাবে গাছ কাটায় বাগানের বড় ধরনের ক্ষতি হয়েছে। এটা অন্যায়। আমরা সময়মতো খবর পেলে এক টুকরো গাছও পাচার হতে পারত না।’ স্থানীয় মো. সাইফুল ইসলাম ও আবদুল মালেক বলেন, কয়েক মাস বন্ধ থাকার পর নতুন করে আবার গাছ কাটা শুরু হয়েছে। গাছ কেটে স্তূপ করে রাখা হয়। পরে ট্রাক ভর্তি করে তা পাচার করা হয়। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কুরী বলেন, ছায়াগাছ চা-বাগানের জন্য খুবই দরকারি। এগুলো কাটলে প্রাকৃতিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। তিনি আরও জানান, বন বিভাগের অনুমতি ছাড়া মালিক ও বাগানের গাছ কেউ কাটতে পারেন না। গত ৩০ ও ৩১ জানুয়ারি এবং ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সরেজমিনে বাগানের দুটি সেকশনে দেখা যায়, কয়েকজন শ্রমিক গাছ কাটছেন। তাঁরা জানান, কর্তৃপক্ষের নির্দেশে গাছ কাটা হচ্ছে। সম্প্রতি বাগানের বেশ কিছু গাছ কাটা হয়েছে বলে তাঁরা জানান। এর মধ্যে দিঘির দক্ষিণপাড়ের অনেকগুলো বিশালাকৃতির গর্জনগাছও রয়েছে। কাটা গাছ করাতকল ও চা-কারখানার পাশে লুকিয়ে রাখা হয়েছে। সুযোগ বুঝে এগুলো পাচার করা হবে।বাগানের মহাব্যবস্থাপক আবু বক্কর ছিদ্দিক পাচারের বিষয়টি অস্বীকার করে বলেন, যা হয়েছে মালিকের নির্দেশেই হয়েছে। এর বাইরে তিনি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। চট্টগ্রাম-উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) হুমায়ুন কবীর বলেন, অনুমতি ছাড়া গাছ কেটে বাগান কর্তৃপক্ষ অন্যায় করেছে। খোঁজ নিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।