রামগড়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় এক ব্যক্তির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির রামগড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে গতকাল শনিবার আবুল হাশেম (২০) নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সপ্তম শ্রেণির এক ছাত্রী গতকাল স্কুলে যেতে অটোরিকশার জন্য অপেক্ষা করছিল। এ সময় রামগড় পৌরসভার নজিরটিলা এলাকার অটোরিকশার চালক আবুল হাশেম ওই ছাত্রীকে তাঁর অটোরিকশায় ওঠানোর চেষ্টা করেন। কিন্তু ওই ছাত্রী একটি টমটমে ওঠে। এ সময় হাশেমও ওই গাড়িতে উঠে বসে এবং ছাত্রীকে লক্ষ্য করে অশ্লীল কথাবার্তা বলতে থাকেন। টমটমের চালক দ্রুত গাড়ি চালিয়ে স্কুলে নিয়ে যান। সেখানে উপস্থিত লোকজনকে ঘটনাটি জানালে তাঁরা হাশেমকে ধরে পুলিশে খবর দেন।
রামগড় থানার ওসি মো. মাইন উদ্দিন খান বলেন, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আবুল হাশেমকে রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত হাশেমকে ছয় মাসের কারাদণ্ড দেন।