খাগড়াছড়ির রামগড় উপজেলার একটি সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। সড়ক সংস্কার কাজের প্রাথমিক পর্যায়ে মাটি ফেলা হয়। কিন্তু ১৫-১৬ দিনের মধ্যেই সেই মাটি ধসে পড়ে যায়।জানা যায়, উপজেলার পাতাছড়া ইউনিয়নের দাতারামপাড়া রাস্তার মুখে রামগড়-জালিয়াপাড়া সড়কের ক্ষতিগ্রস্ত অংশ (প্রায় ২৫০ ফুট) মেরামতের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। ৪৫ লাখ টাকার এই কাজ পায় খাগড়াছড়ির ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রিপ এন্টারপ্রাইজ’। কাজের অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে মাটি ফেলা হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই মাটি ধসে পড়ে। অভিযোগ উঠেছে, পরিকল্পিতভাবে কাজ না করায় মাটি ধসে পড়েছে।পাতাছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলমগীর বলেন, মাটি ধসে পড়ায় বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাঁর অভিযোগ, ধারক প্রাচীর না দিয়ে পাশের একটি পাহাড়ের মাটি ফেলে নামকাওয়াস্তে কাজ করা হয়েছে।সওজের রামগড় কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী নুরুল আলম বলেন, সংস্কারকাজে বেশ কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল এটা ঠিক। সংস্কার কাজের সময় সঠিক দেখভালের বিষয়টি নিশ্চিত করা যায়নি। রিপ এন্টারপ্রাইজের মালিক রিপ দেওয়ানকে কাজের সময় একবারও দেখা যায়নি। তাঁর প্রতিনিধি সঠিক পদ্ধতিতে কাজ করেননি। যে কারণে সম্প্রতি প্রবল বৃষ্টিপাতের সময় রাস্তার বড় একটা অংশ ধসে গেছে। এই পরিস্থিতিতে মনে হচ্ছে ৪৫ লাখ টাকা কাজের প্রাথমিক বরাদ্দের পুরো নয় লাখ টাকাই পানিতে গেছে। তিনি বলেন, যাঁদের গাফিলতিতে সরকারি অর্থের এমন অপচয় হয়েছে তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, ‘খোঁজ নিয়ে জেনেছি রাস্তার সংস্কারকাজ মানসমঞ্চত হয়নি। এই কাজে গুরুতর অনিয়ম হয়েছে।’ তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখতে খাগড়াছড়ি সওজের নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ জানানো হয়েছে। অনিয়মের অভিযোগ অস্বীকার করে ঠিকাদার রিপ দেওয়ান বলেন, আবহাওয়া তাঁর অনূকুলে ছিল না। মাটি ফেলার পর বৃষ্টিতে তা ধুয়ে গেছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত অংশে তিনি নতুন করে মাটি ফেলবেন।কাজের সময় নিজে উপস্থিত ছিলেন না বলে স্বীকার করেন রিপ দেওয়ান।জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। সংস্কারকাজে কিছু অনিয়মের কথা স্বীকার করে তিনি বলেন, ঠিকাদারকে দিয়ে কাজ নতুনভাবে করানো হবে ও অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।