রামগড়ের সংরক্ষিত বনে পাচারকারীদের থাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির রামগড় হয়ে চোরাইপথে কাঠ পাচার বেড়েছে। কয়েকটি সংঘবদ্ধ চক্র এর সঙ্গে জড়িত। রামগড় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা গত ১০ মাসে অভিযান চালিয়ে দুই কোটি টাকার কাঠ জব্দ করেছেন।এদিকে বন কর্মকর্তা-কর্মচারী ও থানার পুলিশের সঙ্গে কাঠ পাচারকারীদের যোগসাজশের অভিযোগ উঠেছে। গত ২৬ জুলাই রামগড় উপজেলা চোরাচালানবিরোধী টাস্কফোর্সের মাসিক বৈঠকেও কাঠ পাচারের বিষয়টি উঠে আসে। বৈঠকে রামগড় বিজিবি কর্তৃক উপস্থাপিত প্রতিবেদন থেকে জানা যায়, গত জুন ও জুলাই মাসে বিজিবি ৪৪ লাখ এক হাজার ২১৮ টাকার কাঠ জব্দ করে। সে সময় আটটি মামলা করা হয়। কাঠ পাচার প্রসঙ্গে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোপাল চন্দ্র দাস বলেন, প্রতিটি মাসিক সমন্বয় সভায় আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে এ বিষয়ে সজাগ থাকতে বলা হয়। তার পরও কাঠ পাচার হচ্ছে। খোঁজ নিয়ে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, খাগড়াছড়ির বিভিন্ন বনাঞ্চল ও রামগড় লাগোয়া চট্টগ্রাম উত্তর বন বিভাগের নারায়ণহাট, হাসনাবাদ ও করেরহাট রেঞ্জের আওতায় সংরক্ষিত বনাঞ্চলের সেগুন, গামারি, গর্জন, আকাশমণি ও নানা প্রজাতির কাঠ ট্রাক, পিকআপ ও খোলা জিপে করে রামগড়-হেয়াকো-ফটিকছড়ি ও রামগড়-হেয়াকো-ফেনী সড়কে পাচার করা হয়। অথচ এই সড়কগুলোতে বেশ কয়েকটি বনজ দ্রব্য পরীক্ষণ স্টেশন রয়েছে।রাতে-দিনে মিলিয়ে সব সময় কাঠ পাচার হয় এই পথে। তবে রাতে পাচার হয় বেশি। এর বাইরে রামগড়ের ব্রতচন্দ্রপাড়া হয়ে কালাডেবা-লামকুবলিপাড়া-গার্ডপাড়া ও নাকাপা-তৈচাকমা-বেলছড়ি এলাকা দিয়ে কয়েকটি পাহাড়ি চোরাই পথ রয়েছে। ফেনী নদী হয়ে দেশীয় কাঠের সঙ্গে ভারতীয় কাঠও পাচার হয় বলে জানা গেছে। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাচারকারীরা সংরক্ষিত বনের গাছ কেটে উজাড় করে ফেলেছে। রামগড়-ফেনী সড়কের উভয় পাশের সরকারি বাগানের পাচার হয়ে যাওয়া বড় বড় গাছের গোড়া ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়ে আছে। কাঠ পাচার প্রসঙ্গে রামগড় রেঞ্জ কর্মকর্তা একরামুল হক ও দাঁতমারা পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম বলেন, পাহাড়ি এলাকায় অনেক চোরাই পথ রয়েছে। পাচারকারীরা ওই সব পথ ব্যবহার করায় বন বিভাগ ও পুলিশের লোকজন সময়মতো খবর পান না। আবার নিজস্ব যানবাহন ও লোকবলের অভাবেও পাচারকারীদের ধাওয়া করা কঠিন হয়। পাচারকারীদের সঙ্গে যোগসাজশের অভিযোগ অস্বীকার করেন তাঁরা।রামগড় কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তফা বলেন, ‘এখানকার কাঠ ব্যবসায়ীদের দুর্দিন চলছে। এক টুকরা কাঠও বিজিবি নিতে দিচ্ছে না। তবে সংরক্ষিত বনাঞ্চলের কাঠ পাচার হয় বলে শুনেছি।’ ২১ আগস্ট রামগড় ১৬ বিজিবির সদস্যরা রামগড় দারোগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ আসবাবসহ মো. ইয়াছিন নামের এক পাচারকারীকে আটক করেন। ১৮ আগস্ট রামগড় মহামুনি হয়ে পাচারের সময় বিজিবি ৯১ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করে। ১০ আগস্ট রামগড়-করেরহাট সড়কের হেয়াকো নামক স্থানে অভিযান চালিয়ে ২৬৩ ঘনফুট অবৈধ কাঠসহ একটি ট্রাক জব্দ করা হয়। এর আগে ৮ আগস্ট একই জায়গায় চোরাই কাঠসহ যাত্রীবাহী একটি বাস আটক করেন বিজিবির সদস্যরা। গত ১০ মাসে দুই কোটি টাকার চোরাই কাঠ জব্দের সত্যতা নিশ্চিত করেছেন রামগড় ১৬ বিজিবির অপারেশন কর্মকর্তা শাহ মো. আজাদ আলী।কাঠ পাচার প্রসঙ্গে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘মাঝেমধ্যে দুর্বৃত্তদের কাঠ পাচারের খবর পাই। তবে তা আগের তুলনায় কম।’ পাচারকারীদের আটক করতে বন বিভাগের লোকজন সক্রিয় বলে দাবি করেন তিনি।