রামগড়ের হাতিমুড়ায় শান্তি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির রামগড় উপজেলার হাফছড়ি ইউনিয়নের হাতিমুড়া এলাকায় ভূমি বিরোধকে কেন্দ্র করে আদিবাসী ও পুনর্বাসিত বাঙালিদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা তিনটায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হাফছড়ি ইউনিয়নের হাতিমুড়া এলাকার দুর্গম ভিজা বাউন্টি এলাকায় গত সোমবার দিবাগত রাতে তিনটি পুনর্বাসিত বাঙালির ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করা হয়। এ খবর গতকাল সকালে হাতিমুড়া এলাকার বাঙালিদের মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজনা বাড়ে। হাতিমুড়া এলাকায় উত্তেজনার খবর পেয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরি চৌধুরী, সেনাবাহিনীর গুইমারা অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহম্মেদ, জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মজিদ আলী এলাকা পরিদর্শন করেন। পরে হাতিমুড়া বাজারে আদিবাসী ও বাঙালিদের একটি শান্তি সমাবেশে বক্তব্য দেন।
শান্তি সমাবেশে বক্তারা উভয় সম্প্রদায়ের লোকজনকে শান্তিপূর্ণ সহাবস্থান, কোনো ধরনের গুজবে কান না দেওয়া ও শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়।
এলাকার আদিবাসীরা অভিযোগ করেন, সোমবার গভীর রাতে নিরাপত্তা বাহিনী বিভিন্ন আদিবাসী গ্রামে অভিযান চালিয়ে ছয় আদিবাসীকে আটক করে। এদের মধ্যে দুজন গ্রামপ্রধান (কার্বারী) ও একজন ইউনিয়ন পরিষদের সদস্য আছেন।
হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উসেপ্রু চৌধুরী মুঠোফোনে জানান, যাদের আটকের কথা বলা হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা বাহিনী সিন্দুকছড়ি সেনা জোনে নিয়ে গেছে। তাদের মঙ্গলবার বিকেলে চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
রামগড় ও মানিকছড়ি উপজেলার সীমান্তে দুর্গম এলাকায় আদিবাসী ও পুনর্বাসিত বাঙালিদের মধ্যে ভূমি বিরোধকে কেন্দ্র করে কয়েক মাস ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভূমি বিরোধকে কেন্দ্র করে আদিবাসী ও বাঙালি সংগঠনগুলো পৃথক কর্মসূচিও পালন করে আসছে।