রামদা দিয়ে ত্রাস সৃষ্টি, ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর ডিগ্রি কলেজে রামদা দিয়ে ত্রাস সৃষ্টির অভিযোগে আল ইমরান (২৫) নামের ছাত্রলীগের এক নেতাকে গত সোমবার গ্রেপ্তার করা হয়েছে। আল ইমরান ওই কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলাম জানান, বিরামপুর ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ভাঙচুর ও ত্রাস সৃষ্টির অভিযোগে অধ্যক্ষ আবদুস সাত্তার গতকাল ইমরানের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা কমপ্লেক্সের চত্বর থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ইমরান রোববার বেলা ১১টার দিকে বিরামপুর বাজারের এক কসাইয়ের কাছ থেকে বড় আকারের রামদা নিয়ে কলেজে যান। প্রথমেই তিনি ছাত্রীদের কমনরুমে ঢুকে রামদা দিয়ে দরজা-জানালার কাচ ভাঙচুর করেন। এরপর একই কায়দায় শিক্ষক-কর্মচারীদের কমনরুম ও শ্রেণীকক্ষের দরজা-জানালা ভাঙচুর করেন ইমরান। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের অশ্লীল ভাষায় গালাগাল করে কলেজ থেকে বেরিয়ে যেতে বলেন। বিরামপুর থানাহাজতে আল ইমরান দাবি করেন, ছাত্রদলের এক নেতা তাঁর সংগঠন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশ্লীল কথাবার্তা বলায় তিনি ক্ষিপ্ত হয়ে ওই কাজ করেছেন।