রামদাসপুর সীমান্তে বিজিবির নতুন ফাঁড়ির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন একটি সীমান্ত ফাঁড়ির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নতুন ফাঁড়ির উদ্বোধন করেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহামঞ্চদ শামসুদ্দীন।
সেক্টর কমান্ডার বলেন, এই ফাঁড়ি স্থাপনের ফলে রামদাসপুর সীমান্ত দিয়ে মাদক ও আগ্নেয়াস্ত্রসহ অবৈধ পণ্য চোরাচালান অনেকাংশে কমে যাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল কবীর, অপারেশন অফিসার মেজর ফজলুল করীম, রহনপুর কোম্পানি কমান্ডার নাসির উদ্দীনসহ অন্যরা। গোমস্তাপুর উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে এবং সীমান্ত থেকে পৌনে এক কিলোমিটারের মধ্যে প্রায় ৪৯ লাখ টাকা ব্যয়ে এই সীমান্ত ফাঁড়ির ভবন নির্মাণ করা হয়েছে। এই ফাঁড়ি স্থাপনের আগে বাঙ্গাবাড়ী ও চাড়ালডাঙ্গা সীমান্ত ফাঁড়ির মধ্যবর্তী প্রায় ১২ কিলোমিটার এলাকায় বিজিবির কোনো সীমান্ত ফাঁড়ি বা চৌকি ছিল না। নতুন এই সীমান্ত ফাঁড়িতে একজন নায়েক সুবেদারসহ ১৫ জন সদস্য দায়িত্ব পালন করবেন।