রামনগর ইউনিয়ন বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা

নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়নের রামনগর উচ্চবিদ্যালয় মাঠে এক গণসমাবেশে ওই ঘোষণা দেন প্রধান অতিথি পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।
ওই সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলার ইউএনও মো. সাবেত আলী। বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার সভাপতি মমতাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. ফিরোজ কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা, রামনগরের ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, বেসরকারি সংস্থা ল্যাম্ব আইএম পাওয়ার প্রকল্পের প্রতিনিধি এনামুল হক প্রমুখ।
ইউএনও সাবেত বলেন, আগামী এপ্রিল মাসে সদর উপজেলাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ লক্ষ্যে পর্যায়ক্রমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হচ্ছে।