রামনাবাদ-আন্ধারমানিকের মোহনায় সমুদ্রবন্দর হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, দক্ষিণ উপকূলের পর্যটনকেন্দ্র কুয়াকাটাসংলগ্ন রামনাবাদ ও আন্ধারমানিক নদীর মোহনায় যত দ্রুত সম্ভব দেশের তৃতীয় সমুদ্রবন্দর স্থাপন করা হবে। পাশাপাশি শিপইয়ার্ড ও ডকইয়ার্ড স্থাপন করে এই জনপদের হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। গতকাল শুক্রবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রামনাবাদ ও আন্ধারমানিক নদীর মোহনায় প্রস্তাবিত সমুদ্রবন্দর স্থাপনের স্থান পরিদর্শন শেষে উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়ায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী এ কথা বলেন।লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ চান খাঁর সভাপতিত্বে সমাবেশে শাজাহান খান বলেন, অচিরেই বিশেষজ্ঞ দল পাঠানো হবে। তাদের প্রতিবেদন পাওয়ার পর সংসদীয় কমিটিতে আলোচনা করে বন্দর স্থাপনের বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হবে। এ সরকারের আমলেই কাজ শুরু করা হবে বলে নৌমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের রাস্তাঘাটসহ অবকাঠামো নির্মাণ করে কুয়াকাটাকে দেশের প্রধান পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। সমাবেশে আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ নুর-ই-আলম চৌধুরী, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান, লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম বিশ্বাস প্রমুখ।রামনাবাদ ও আন্ধারমানিক নদীর মোহনায় দেশের তৃতীয় সমুদ্রবন্দর নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে গত বৃহস্পতিবার বিকেলে কুয়াকাটায় আসেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুর-ই-আলম চৌধুরী। সন্ধ্যায় নৌপরিবহনমন্ত্রী কুয়াকাটায় সুধী সমাবেশে বক্তব্য দেন এবং পরে তাঁরা আদিবাসী-শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কলাপাড়া উপজেলার রামনাবাদ ও আন্ধারমানিক নদীর মোহনায় লালুয়া ইউনিয়নের চাড়িপাড়ায় প্রস্তাবিত সমুদ্রবন্দর স্থাপনের স্থান পরিদর্শন করেন।