রামনাবাদ তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার আড়তপট্টি এলাকায় রামনাবাদ নদের পশ্চিম তীরের জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদের কাজ গতকাল সোমবার শুরু হয়েছে। আদালতের রায়ের প্রায় ছয় বছর পর এ উদ্যোগ নেওয়া হলো।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সাংসদ গোলাম মাওলা ও তাঁর অনুসারীরা ২০০৮ সালে প্রায় সাড়ে আট একরের ওই জমি অবৈধভাবে দখল ও ভরাট করে বিপণিবিতান নির্মাণের উদ্যোগ নেন। পরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ওই জমি দখলমুক্ত করতে উচ্চ আদালতে রিট করে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে ২০১০ সালের ৯ জুন ওই জমি দখলমুক্ত করার রায় দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান শুরু করেছে। গতকাল সকাল ১০টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। আজ মঙ্গলবারও তা অব্যাহত থাকবে।
আদালত তাঁর আদেশে রামনাবাদ নদের তীরের ওই জমি ভরাট ও সেখানে স্থাপনা নির্মাণ করাকে অবৈধ ঘোষণা করেছিলেন। পাশাপাশি রায়ের আদেশ পাওয়ার ৬০ কর্মদিবসের মধ্যে সব অবৈধ স্থাপনা অপসারণ করে নদের তীরের জমি পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে বিবাদীদের প্রতি আদেশ দেন। তবে উচ্ছেদ কাজ শুরু করতেই প্রায় ছয় বছর সময় কেটে গেছে।