রামনাবাদ পরিদর্শন করল সুপারিশ প্রণয়ন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রামনাবাদ চ্যানেলে দেশের তৃতীয় সমুদ্রবন্দর স্থাপনের কাজ শুরুর লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির একটি প্রতিনিধিদল গত শনিবার চ্যানেল পরিদর্শন করেছে।সুপারিশ প্রণয়নে গঠিত ওই কমিটির সদস্য সাতজন। পরিদর্শনে আসা প্রতিনিধিদলে কমিটির সদস্যসচিব চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার লেফটেন্যান্ট কমান্ডার এম হাবিব-উল-আলম (এইচ-১) ও কমিটির সদস্য কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহাবুবুর রহমান ছিলেন।নৌপরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব ফারহানা ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, রামনাবাদ চ্যানেলে তৃতীয় সমুদ্রবন্দরের কাজ শুরুর লক্ষ্যে পর্যায়ক্রমে কী কী পদক্ষেপ গ্রহণ ও কীভাবে তা সম্পন্ন করা হবে, সে বিষয়ে সুপারিশ প্রদানে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব-২-কে আহ্বায়ক করে সাত সদস্যের ওই কমিটি গঠন করা হয়েছে। কমিটি তাঁর সুপারিশে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘সম্প্রসারিত বন্দর’ হিসেবে রামনাবাদ চ্যানেলে দেশের তৃতীয় সমুদ্রবন্দর স্থাপনে প্রয়োজনীয় ভূমি (১০০ বিঘা) চিহ্নিতকরণ, বিস্তারিত নকশা তৈরি, ভূমি অধিগ্রহণের জন্য করণীয় বিষয় নির্ধারণ করবে।মো. মাহাবুবুর রহমান জানান, চ্যানেল ঘুরে প্রাথমিক কাজ শেষ করা হয়েছে। পরবর্তী সময় কমিটি আবারও পরিদর্শনে আসবে।