রামনাবাদের তীর দখল করে গড়ে উঠছে স্থাপনা
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার আড়তপট্টি এলাকায় রামনাবাদ নদীর তীরে দুই হাজার বর্গফুট জায়গা দখল করে স্থাপনা নির্মাণের কাজ চলছে। এ ব্যাপারে স্থানীয় ভূমি কার্যালয়, উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ কিছুই জানে না। গত সোমবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, দখল করা নদীতীরের ওই জায়গায় তিন দিকে ইটের দেয়াল তৈরি করার কাজ চলছে। এলাকাবাসী জানান, আড়তপট্টি জামে মসজিদের নাম করে কয়েক দিন ধরে ওই জায়গায় স্থাপনা নির্মাণের কাজ চলছে। মসজিদ পরিচালনা কমিটির পক্ষে মো. হানিফ মিয়ার তত্ত্বাবধানে নির্মাণকাজ চলছে।আড়তপট্টি জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মো. হানিফ মিয়া প্রথম আলোকে বলেন, ‘এই মসজিদের বাড়তি কোনো আয় নেই। আয় বাড়াতে ওই জায়গাটুকুতে স্টল তৈরি করে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে আমরা গলাচিপা পৌরসভার মেয়রের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছি। তবে ভূমি অফিস বা উপজেলা প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয় নাই।’ গলাচিপার পৌর মেয়র আবদুল ওহাব খলিফা বলেন, ‘সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের জন্য অনুমতি দেওয়ার ক্ষমতা পৌরসভা কর্তৃপক্ষের নেই। আমরা ওই জায়গা দখল করতে বা সেখানে স্থাপনা নির্মাণ করতে কাউকে অনুমতি দিইনি।’ জানতে চাইলে গলাচিপা ভূমি কার্যালয়ের কানুনগো মো. আলতাফ হোসেন বলেন, ‘পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নদীতীরের ওই জায়গা খাস খতিয়ানভুক্ত (১ নম্বর খতিয়ান)। ওই জমি কাউকে বন্দোবস্ত বা স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া হয়নি। সেখানকার জমি দখল করে দেয়াল নির্মাণের বিষয়টি আমাদের জানা নেই। কেউ দখল করলে বা স্থাপনা নির্মাণ করলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’গলাচিপা পৌরসভার দায়িত্বে থাকা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুরেনচন্দ্র শীল বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে নদীর তীরে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বলে এসেছি। বিষয়টি উপজেলা ভূমি কার্যালয় এবং উপজেলা প্রশাসনকে জানানো হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লস্কর তাজুল ইসলাম বলেন, ‘ওই জায়গায় স্থাপনা নির্মাণের বিষয়টি আমাদের কেউ জানায়নি। যাঁরা স্থাপনা নির্মাণ করছেন, তাঁরাও আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেননি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’২০০৯ সালে গলাচিপা পৌরসভার আড়তপট্টি এলাকায় রামনাবাদ নদীর জায়গা দখল ও ভরাট করে বিপণিবিতান স্থাপনের কাজ শুরু করেন স্থানীয় সাংসদের অনুসারীরা। এ ঘটনায় ওই বছরের ২১ আগস্ট প্রথম আলোয় ‘গলাচিপায় নদীর তীর ভরাট করে চলছে মার্কেট নির্মাণ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।