রামপাল উপজেলা প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে দুদক

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাগেরহাটের রামপাল উপজেলার প্রকৌশলী মো. নুরুজ্জামানকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ কে এম জায়েদ হোসেন খান দাবি করেন, এক ঠিকাদারের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় নুরুজ্জামানকে তাঁর কার্যালয়ে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ অস্বীকার করে নুরুজ্জামান সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি কোনো টাকা নেননি। তাঁর টেবিলে টাকা রেখে তাঁকে ফাঁসানো হয়েছে।
নুরুজ্জামানকে রামপাল থানায় সোপর্দ করে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক এস এম শামীম ইকবাল।
দুদক কর্মকর্তা এ কে এম জায়েদ হোসেন খান প্রথম আলোকে বলেন, রেইনবো এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রামপাল উপজেলায় ২০১১-১২ অর্থবছরে এলজিইডির অধীনে স্কুলের ভবন নির্মাণের একটি কাজ করে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শেখ গোলাম আজম ওই কাজ করতে এলজিইডিতে আড়াই লাখ টাকা (সিকিউরিটি মানি) জমা রাখেন। কাজ শেষ করে ওই টাকা ফেরত চাইতে গেলে রামপাল উপজেলা প্রকৌশলী মো. নুরুজ্জামান ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঠিকাদারের দেওয়া অভিযোগের ভিত্তিতে গতকাল দুপুরে ২০ হাজার টাকা লেনদেনের সময় দুদকের একটি দল সেখানে গিয়ে হাতেনাতে নুরুজ্জামানকে গ্রেপ্তার করে।