তৃতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনের পর দেশের কয়েকটি স্থানে নির্বাচন-পরবর্তী সহিংসতার খবর পাওয়া গেছে। বাগের

হাটের রামপালে পুড়িয়ে দেওয়া হয়েছে বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের ১০টি বাড়ি। ভাঙচুর ও লুট করা হয়েছে তাঁদের ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান। ভোলা সদর উপজেলায় বিএনপির ১৫ নেতা-কর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর-আগুন ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় পিটিয়ে জখম করা হয়েছে এক শিক্ষক ও তাঁর দুই ভাইকে। ফরিদপুরে হামলা হয়েছে বিএনপির এক সমর্থকের ওপর।
রামপালে ১০ বাড়িতে আগুন, ১২ ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুট: ১৫ মার্চ রামপাল উপজেলা নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় কর্মীদের মাঝে বিরোধের জের ধরে রোববার সন্ধ্যায় মল্লিকের বেড় ইউনিয়নের বড় সন্ন্যাসী বাজারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তালুকদার নাজমুল কবির ও তাঁর কয়েক অনুসারীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।
চেয়ারম্যান নাজমুল কবির (৪৪), তাঁর সহকারী মাসুম (৩৭), ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য লাকিয়া খানম (৩৫) ও আওয়ামী লীগের কর্মী মনিরুজ্জামান হাবিবকে (৪৫) রোববার রাতে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঁদের মধ্যে চেয়ারম্যান ও তাঁর সহযোগী মাসুমের হাত ভেঙে গেছে এবং মাথাসহ শরীরে রক্তাক্ত জখম হয়েছে।
ওই ঘটনার পর আওয়ামী লীগের উত্তেজিত কর্মীরা এলাকার বিএনপি-সমর্থক অন্তত ১০টি পরিবারের বসতভিটা জ্বালিয়ে দেন। ভাঙচুর ও লুটপাট করা হয় বিএনপি-সমর্থকদের আরও কয়েকটি বাড়ি ও বড় সন্ন্যাসী বাজারের অন্তত ১২টি দোকান।
গতকাল এলাকা ঘুরে জানা গেছে, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বড় সন্ন্যাসী গ্রামের কেরামত হাওলাদারের বাড়িতে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে একই গ্রামে তাঁর তিন ছেলে শহীদুল, জাহিদুল ও ওবায়দুল এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম হাওলাদারের বাড়ি। মাদারদিয়া গ্রামে পুড়িয়ে দেওয়া হয়েছে বিএনপি-সমর্থক কাইয়ুম হাওলাদার, তাঁর বাবা তৈয়ব হাওলাদার এবং ভাই সাহিদুল ইসলাম হাওলাদারের বাড়ি, প্ল্যানের বাজারে ৮ নম্বর ইউপি সদস্য সাইফুল ইসলাম, মুজিবর রহমান খন্দকার এবং মুজিবর ড্রাইভারের বাড়ি এবং মল্লিকের বেড় গ্রামে সাবেক ইউপি সদস্য সেলিম ও তাঁর ভাই হালিমের বাড়ি। এ ছাড়া সোমবার সকালে রোজোয়ানের কাপড়ের এবং মারুফের প্রসাধনসামগ্রীর দোকান লুট হয়।
সোমবার সরেজমিনে দেখা যায়, বড় সন্ন্যাসীর বাজারের দোকানপাট বন্ধ। এলাকা থমথমে। পুলিশ বাজার পাহারা দিচ্ছে। কিছু সাধারণ মানুষ আর আওয়ামী লীগের কর্মী বাজারে ঘোরাঘুরি করছেন। অন্যদিকে ভয় আর আতঙ্কে গা ঢাকা দিয়েছেন এলাকার বিএনপি-সমর্থক পুরুষেরা। পুড়িয়ে দেওয়া বাড়িগুলোয় পোড়া টিন, ভিটের পোড়ামাটি আর অঙ্গার ছাড়া কিছুই নেই।
গতকাল বেলা ১১টার দিকে সন্ন্যাসী বাজার গ্রামের বিএনপি-সমর্থক তিন ভাই শহিদুল, জাহিদুল ও ওবায়দুলদের বাড়ি গিয়ে দেখা যায়, তিন সন্তান নিয়ে গাছতলায় বসে আছেন ওবায়দুলের স্ত্রী শিমূল আক্তার। তিনি বলেন, ‘কোথায় যাব? সব শেষ। ছেলে-মেয়েদের নিয়ে এখানেই বসে আছি।’
শিমূল জানান, তাঁর শ্বশুর কেরামত হাওলাদার (৭২) মল্লিকের বেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং এই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তিনি পৃথক বাড়িতে থাকেন। রোববার সন্ধ্যায় সেখানেও হামলা, ভাঙচুর হয়েছে।
সকাল ১০টার দিকে মল্লিকের বেড় থেকে আসা আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল প্ল্যানের বাজার ঘুরে ১১টার কিছু আগে সন্ন্যাসী বাজার তিনরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় কিছু লোক হামলা চালিয়ে বাজারে রেজোয়ানের কাপড়ের দোকান এবং মারুফের প্রসাধন সামগ্রীর দোকান ভাঙচুর ও লুট করে।
উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপি-সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে নির্বিচারে হামলা চালিয়েছে।’
তবে স্থানীয় সাংসদ ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘মল্লিকের বেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল কবিরকে বিএনপির সন্ত্রাসীরা মারধার করায় মানুষ ক্ষিপ্ত হয়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে। তবে আর এ ধরনের আক্রমণাত্মক কার্যক্রম না চালানোর জন্য দলের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।’
বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) নিজামুল হক মোল্লা বলেন, ‘ঘটনা যাতে আরও বেশি স্পর্শকাতর না হয়ে ওঠে, সে জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত হয়ে এসেছে।’
ভোলায় বিএনপির ১৫ নেতা-কর্মীর বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ: সদর উপজেলায় বিএনপির ১৫ নেতা-কর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় আওয়ামী লীগকে অভিযুক্ত করেছে বিএনপি। দলটির দাবি, তাদের হাজার হাজার নেতা-কর্মী ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তবে আওয়ামী লীগ এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে।
জেলা পত্রিকা বিক্রয়কারী হকার্স সমিতির সাধারণ সম্পাদক মো. মনির অভিযোগ করেন, সোমবার ভোরবেলা একদল সন্ত্রাসী তাঁর চরনোয়াবাদ আলিয়া মাদ্রাসা সড়কের বাড়িতে হামলা করে দুটি দরজা ভাঙচুর করে এবং তাঁকে খুঁজতে থাকে। তাঁকে না পেয়ে ঘরের নারীদের চড়-থাপড় মেরে চলে যায়।
মনির জানান, ১৫ মার্চের নির্বাচনে এলাকার আওয়াম লীগের কর্মীরা তাঁকে কেন্দ্রে যেতে নিষেধ করেছিলেন। এ কারণে তিনি ভোট দিতে যাননি, গিয়েছিলেন ভোট দেখতে। এ কারণে সন্ত্রাসীরা তাঁর বাড়িতে ওই হামলা চালিয়েছে বলে মনে করেন মনির।
সদর উপজেলার চর সামাইয়্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি আবদুল মালেক মাস্টারের বাড়িতে গত রোববার হামলা করে সন্ত্রাসীরা। মালেক অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁর ঘর ও ঘরের আসবাব ভাঙচুর করেছে।
আলীনগর ইউনিয়নের সাচিয়ার সাজি বাড়ির বাসিন্দা ও সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দিন ও বিএনপির কর্মী সামসুদ্দিনের বাড়িঘরে রোববার সন্ধ্যায় হামলা ও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।
উত্তর দিঘলদী ইউনিয়নের বেড়িরহাট বাজারের ব্যবসায়ী ও ৫ নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি সামসুদ্দিন অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা রোববার সকালে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ও বাড়িতে হামলা চালিয়ে দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। ঘরের বেড়া ও আসবাব ভাঙচুর করেছে। ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. ফারুক বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে কমপক্ষে ১৫ জন নেতা-কর্মীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করেছেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তাদের ভয়ে গ্রামের হাজার-হাজার নেতা-কর্মী পালিয়ে বেড়াচ্ছে।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার সদ্য নির্বাচিত চেয়ারম্যান মোশারেফ হোসেন বলেন, বিএনপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যেসব ঘটনা ঘটেছে, তা ব্যক্তিগত শত্রুতার কারণে।
গৌরীপুরে শিক্ষক ও তাঁর দুই ভাইকে পিটিয়ে জখম: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় মোজাফফর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদকে দুই দফায় পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। হামলার শিকার হয়েছেন ওই শিক্ষকের দুই ভাই আবুল বাশার (৬৫) ও বকুল মিয়া (৩৫)।
গত রোববার রাতে গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজার ও গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হামলার ঘটনা ঘটে। আহত তিন ভাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, হামলার শিকার আবু সাঈদ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার অনুষ্ঠিত গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শরীফ হাসানের পক্ষে কাজ করতে আবু সাঈদ ও তাঁর ভাইদের নির্দেশ দেন মোজাফফর আলী উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও স্থানীয় সাংসদ মজিবুর রহমান ফকির। তাঁর নির্দেশে প্রধান শিক্ষক আবু সাঈদ ও তাঁর দুই ভাই শরীফ হাসানের পক্ষে কাজ করেন। এর জের ধরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আলী আহামঞ্চদ খান পাঠানের সমর্থকদের সঙ্গে তিন ভাইয়ের বিরোধ সৃষ্টি হয়। নির্বাচনের পরদিন রোববার সকালে ডৌহখলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. একরাম আবু সাঈদকে ফোন করে কলতাপাড়া বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দেখা করতে বলেন। সন্ধ্যার পর আবু সাঈদ দেখা করতে গেলে দলীয় কার্যালয়ের সামনে একরামকে পাননি। একরামের জন্য অপেক্ষা করার সময় একই বিদ্যালয় থেকে গত বছরের মে মাসে ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে চাকরিচ্যুত শিক্ষক মো. শহীদুল এসে সামনে দাঁড়ান। শহীদুল জরুরি কথা আছে বলে আবু সাঈদকে ডেকে অন্ধকারের দিকে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে বেধড়ক পেটান। আবু সাঈদ মাটিতে পড়ে গেলে শহীদুল পালিয়ে যান। পরে বাজারের লোকজন আবু সাঈদকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রাত ১০টার দিকে আবু সাঈদকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খান পাঠানের কর্মী ও গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আবদুল কাদিরের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল আবু সাঈদ ও তাঁর দুই সহোদর বাশার ও বকুলকে অ্যাম্বুলেন্স থেকে টেনে বের করে ছুরি দিয়ে বুকে ও পিঠে উপর্যুপরি আঘাত করে। পরে রাত সাড়ে ১১টার দিকে তিনজনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শিক্ষক আবু সাঈদকে ফোন করে ডেকে আনার বিষয়টি স্বীকার করেছেন সাবেক ইউপি সদস্য এমদাদ। তিনি বলেন, ‘আমি রাজনৈতিক বিষয়ে কথা বলার জন্যই ফোন করেছিলাম। কিন্তু আমার সাথে দেখা হওয়ার আগে তাঁকে কে বা কারা মেরেছে তা জানি না।’
আবদুল কাদির বলেন, ‘আমি হইচই শুনে হাসপাতালের সামনে গিয়ে তাঁকে (আবু সাঈদ) হামলাকারীদের হাত থেকে বাঁচিয়েছি। শুনেছি, তাঁর (সাঈদ) স্কুলের এক শিক্ষক তাঁকে মেরেছে।’
চাকরিচ্যুত শিক্ষক শহীদুলের মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামিদুল ইসলাম বলেন, এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।
ফরিদপুরে বিএনপি-সমর্থক আহত: ফরিদপুরে উপজেলা নির্বাচন-পরবর্তী সহিংসতায় এক ব্যক্তি আহত হয়েছেন। গত রোববার বিকেলে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মোমেনখার হাট এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত খোকন মোল্লা (২৮) ইউনিয়নের আনোয়ার পাশারডাঙ্গি গ্রামের জামিল মোল্লার ছেলে। তিনি বিএনপি-সমর্থক।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোমেনখার হাটের একটি দোকানে ফ্লেক্সিলোডের ব্যবসা করে খোকন। রোববার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের সমর্থকেরা তাঁর দোকানে চড়াও হয়ে তাঁকে মারপিট করে। খোকনকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুল আলম জানান, হামলার শিকার খোকন বিএনপির সমর্থক। আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আমিনুদ্দিন বলেন, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি।
কসবায় চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলা: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. শরীফুল ইসলাম ভূঁইয়ার কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার গভীর রাতে উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় শরীফুল ইসলাম ভূঁইয়ার ছেলে আপন মিয়াসহ চারজন গুরুতর আহত হন। সন্ত্রাসীরা একটি মোটরসাইকেল ভাঙচুর করে। অপর একটি মোটরসাইকেল ও মোবাইল সেট লুট করে নিয়ে গেছে।
পুলিশ, হাসপাতাল ও আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে শরীফুল ইসলামের কর্মীরা আটটি মোটরসাইকেল নিয়ে নির্বাচনী প্রচারণা করতে কুটি ইউনিয়নের রানিয়ারা গ্রামে যান। ওই সময় অস্ত্রধারী একদল সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায় এবং মারধর করে।
ভাইস চেয়ারম্যান প্রার্থী শরীফুল ইসলাম বলেন, কুটি ইউনিয়নে ভাইস চেয়ারম্যান পদে কোনো প্রার্থীও নেই। সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো জন্য রানিয়ারা গ্রামে তাঁর কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, এ ঘটনায় শরীফুল ইসলাম ভূঁইয়ার পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট; ভোলা, ময়মনসিংহ ও ফরিদপুর অফিস এবং কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি]