রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র অবিলম্বে বাতিলের দাবি
প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল বুধবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানিয়েছেন বাম মোর্চার নেতারা।
সমাবেশে সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, রামপাল নিয়ে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া বাকি সবাই এটি নিয়ে উৎকণ্ঠিত। এমনকি ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার দেওয়া হলে তাঁরাও রামপাল প্রকল্পের বিরুদ্ধে মত দেবেন।
রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রীকে গণভোট আয়োজনের আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, ১০০ জনের মধ্যে ৯৯ জনই রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে মত দেবেন। জনবিরোধী এই প্রকল্প এগিয়ে নেওয়া যাবে না। রামপাল প্রকল্প বাতিল না করলে জনগণ সরকার বাতিল করে দেবে।
সমাবেশে গণসংহতি আন্দোলনের পক্ষে বক্তব্য দেন ফিরোজ আহমেদ। তিনি বলেন, রামপাল নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন ছিল মোসাহেব সম্মেলন। সৎ সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ সেখানে ছিল না। আওয়ামী লীগের দলদাস নন—এমন বুদ্ধিজীবীরাও রামপাল আন্দোলনে সমর্থন দিয়েছেন।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের পক্ষে মহিউদ্দিন চৌধুরী বলেন, জনমত উপেক্ষা করে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন। বিএনপি রামপাল প্রকল্প বন্ধের দাবি জানিয়েছে। কিন্তু এরা ক্ষমতায় থাকলে জনতার বিপক্ষে থাকে। আর ক্ষমতায় না থাকলে জনতার পক্ষে থাকে।