রামপাল চুক্তি বাতিলে লন্ডন ও এডিনবরায় প্রতিবাদ

পরিবেশ, প্রকৃতি ও সুন্দরবনবিনাশী রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাতিলের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা। ওই চুক্তি বাতিলের দাবিতে গত এক সপ্তাহে লন্ডন ও এডিনবরায় তিনটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশের উল্লেখযোগ্য দিকটি হলো এই প্রতিবাদীরা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয়, বরং দেশপ্রেম আর পরিবেশ রক্ষায় সচেতন সাধারণ ব্যক্তিরাই এসব প্রতিবাদে শামিল হয়েছেন। তাঁদের জোর দাবি, বিশ্ব ঐতিহ্য হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পাওয়া সুন্দরবনের কোল ঘেঁষে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন বন্ধ করতে হবে। প্রতিবাদী ব্যক্তিরা বলছেন, বিদ্যুতের চাহিদা মিটানোর নানা বিকল্প আছে, কিন্তু সুন্দরবনের তো কোনো বিকল্প নেই। তাঁরা সুন্দরবন রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
গত রোববার (৭ আগস্ট) স্কটল্যান্ডের এডিনবরা শহরের প্রাণকেন্দ্রে প্রিন্সেস স্ট্রিটের ন্যাশনাল আর্ট গ্যালারির সামনে বিক্ষোভে শামিল হন প্রবাসী বাংলাদেশিরা। তাঁরা বিভিন্ন ধরনের মুখোশ ও কার্টুন চরিত্রের পোশাকে সজ্জিত হয়ে অভিনব কায়দায় রামপাল চুক্তি বাতিলের দাবি জানান। ‘রামপালকে “না” বলো, সুন্দরবন রক্ষা করো’ শিরোনামে আয়োজিত ওই বিক্ষোভ সমাবেশে তাঁরা সুন্দরবন রক্ষার দাবি জানিয়ে লিফলেট বিলি করেন। এতে ভিন্ন ভাষাভাষী মানুষও একাত্মতা পোষণ করে। স্থানীয় সময় বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত সমাবেশে ইউনিভার্সিটি অব এডিনবরায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাংলাদেশি কমিউনিটির লোকজন অংশ নেন।
আয়োজকদের একজন মাতলুবা খান প্রথম আলোকে বলেন, সুন্দরবনের কাছে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সুদূরপ্রসারী প্রভাব আছে—যা এখনই দেখা যাচ্ছে না। তিনি বলেন, ‘আমরা আমাদের জন্য সুন্দরবন রক্ষার কথা বলছি না, বলছি এই পৃথিবীর জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য।’
একই দিন পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে রামপাল চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে ‘লেট ভয়েস বি হিয়ার্ড’ নামে একটি সংগঠন। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত ওই কর্মসূচিতে নানা প্রতিবাদী পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান প্রকৃতিপ্রেমী প্রবাসীরা। শাকুর হকের পরিচালনায় ও মুক্তিযোদ্ধা মাবুদ সায়েদের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন তারেক চৌধুরী, গিয়াস উদ্দিন, মাহমুদ রহমান ইকবাল, ফারজানা ববি, শান্তনু রায়, ইফতেখার আহমেদ, অনির্বাণ চৌধুরী, আলাস্কা হক, একরাম আলী, মামুন শিকদার, সায়েদ আলম, রফিকুল আলম, মুরাদ হোসাইন, রঞ্জিত নাগ প্রমুখ। বক্তারা বলেন, সরকার প্রবল জনমত উপেক্ষা করে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে সুন্দরবনের অদূরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি করেছে। এই চুক্তিকে বাংলাদেশের জাতীয় স্বার্থবিরোধী উল্লেখ করে বক্তারা বলেন, এই বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে তা সুন্দরবনকে ধ্বংস করবে, নষ্ট করবে আশপাশের বসতি ও পরিবেশ।
এর আগে গত ২৮ জুলাই তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির যুক্তরাজ্য শাখার উদ্যোগে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে সন্ধ্যা ছয়টায় এক বিক্ষোভ সমাবেশ হয়। ওই দিন রামপাল চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করে, তার সঙ্গে সংহতি প্রকাশ করেই ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমিটির আহ্বায়ক মোখলিছুর রহমানের সভাপতিত্বে এবং শাহরিয়ার বিন আলীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক ইসহাক কাজল, মোস্তফা ফারুক, সৈয়দ এনাম, রফিকুল হাসান জিন্নাহ, রুমানা হাশেম, আনসার আহমদ উল্লাহ, কয়সর আহমদ, ইফতেখার উল হক প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের ঝুঁকিপূর্ণ দূরত্বে প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে। রামপাল চুক্তিতে সরকার জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়েছে। এ প্রকল্প একদিকে ঝুঁকিপূর্ণ, অন্যদিকে ব্যয়বহুল। ফলে আর্থসামাজিক বিবেচনায় এটি কখনো কল্যাণকর হবে না। সরকার নিজেও সত্যটা আংশিক উপলব্ধি করেছে। তা সত্ত্বেও সবকিছু গোলকধাঁধায় রেখে সরকার এ প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।
বক্তারা দৃঢ় কণ্ঠে বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারত লাভবান হবে। অর্থনৈতিক ও পরিবেশগতভাবে বিপর্যয় ঘটবে বাংলাদেশের। তাই জনগণের স্বার্থের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে রামপাল চুক্তি বাতিলের দাবি জানান তাঁরা। সেই সঙ্গে জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানে পুলিশের বাধা প্রদান, লাঠিপেটা ও মিছিলকারীদের ওপর কাঁদুনে গ্যাস নিক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।