রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পে স্থিতাবস্থা চেয়ে রিট হাইকোর্টে খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ওই প্রকল্পের কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের চার আইনজীবী গত ২৯ সেপ্টেম্বর রিটটি করেন। পরে রিটটি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে উপস্থাপন করা হলে ২ অক্টোবর তা শুনতে বেঞ্চের এক বিচারপতি বিব্রতবোধ করেন। পরে বিষয়টি প্রধান বিচারপতি কাছে যায়। পরে প্রধান বিচারপতি বিষয়টি এই বেঞ্চে নিষ্পত্তির জন্য পাঠান।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
পরে মনজিল মোরসেদ জানান, এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে। সমরেন্দ্র নাথ বিশ্বাস প্রথম আলোকে বলেন, আবেদনের বিষয়বস্তুতে পর্যাপ্ত সারবত্তা না থাকায় আদালত তা সরাসরি খারিজ করে দিয়েছেন।
রিটে ওই বিদ্যুৎকেন্দ্রের আশপাশের পরিবেশ ও বসবাসরত ব্যক্তিদের জীবনে এর পরিবেশগত প্রভাব মূল্যায়নে দেশীয় ও আন্তর্জাতিক পরিবেশবিদ ও জীববৈচিত্র্য বিশেষজ্ঞের সমন্বয়ে একটি কমিটি গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। কমিটির সুপারিশ অনুসারে পরিবেশবান্ধব যেকোনো এলাকায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিবাদীদের প্রতি কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়েও রুল চাওয়া হয়। বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ওই প্রকল্প বাস্তবায়ন কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেওয়ার আরজি জানানো হয়।