রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা উদ্দেশ্যমূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপালে বাস্তবায়নাধীন তাপবিদ্যুৎ প্রকল্পটি শতভাগ পরিবেশবান্ধব। উপযুক্ত স্থানেই অত্যাধুনিক এই প্রকল্প নির্মাণ করা হচ্ছে। কিছু লোক উদ্দেশ্যমূলকভাবে এ ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। বাংলাদেশ-ভারত মৈত্রী পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) প্রতিনিধিরা গতকাল মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব দাবি করেন।
সভায় এই প্রকল্পের বিপক্ষে আন্দোলনকারী তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি খন্দকার আজিজুর রহমান। তিনি বলেন, ‘উনি (আনু মুহাম্মদ) ইঞ্জিনিয়ারও না, বিদ্যুৎকেন্দ্র দেখেনও নাই, চালানও নাই। উনি কিসের বিশেষজ্ঞ? উনি কি পরিবেশ বিশেষজ্ঞ? উনি কি পাওয়ার প্ল্যান্ট বিশেষজ্ঞ? হতে পারে ইউনিভার্সিটির শিক্ষক।’
মতবিনিময় সভায় বলা হয়, ২০২১ সাল নাগাদ সবার জন্য বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। দেশের শতকরা ৭৬ ভাগ মানুষ বিদ্যুৎ পরিষেবার আওতায়। এই সময়ের মধ্যে বাকি ২৪ ভাগ মানুষের মাঝে বিদ্যুৎসেবা পৌঁছে দিতে হবে। আর এ জন্য কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র বিশাল ভূমিকা রাখবে। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন খাতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ভূমিকা মাত্র ২ শতাংশ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট-৪ আসনের সাংসদ সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন বলেন, সরকার সব দিক গভীরভাবে বিবেচনা করেই রামপালে তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে। যারা এ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন, তারা একদিন এ জন্য মানুষের কাছে জবাবদিহি করবেন।