রামপাল থেকে ফিরে সুন্দরবনে ইউনেসকো প্রতিনিধিদল
ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্র থেকে আসা একটি প্রতিনিধিদল গতকাল বুধবার রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকা পরিদর্শন করেছে। এরপর তারা বন বিভাগের একটি জাহাজে করে সুন্দরবনে যায়। গতকাল রাতে সেখানেই অবস্থান করে।
প্রতিনিধিদলটি আজ সুন্দরবনের শ্যালা নদীর যেসব স্থানে গত ১৫ মাসে চারটি জাহাজডুবির ঘটনা ঘটেছে, সেই স্থানগুলো পরিদর্শন করবে।
ইউনেসকোর তিন সদস্যের প্রতিনিধিদলটির সমন্বয়কারীর দায়িত্বে থাকা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শেখ মো. তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রতিনিধিদলটি গতকাল রামপাল বিদ্যুৎকেন্দ্রে গিয়ে সেখানকার শীর্ষ কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্ন করে। তারা স্থানীয় জনগণের সঙ্গেও কথা বলে।
ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্র থেকে আসা ‘রিয়েকটিভ মনিটরিং টিম’–এর তিনজন সদস্যা হলেন ফানি এডলফাইন ডাউভিরি, নাওমি ক্লেয়ার ও মিজুকি মুরাই। তাঁদের সঙ্গে ছিলেন খুলনা সার্কেলের বন সংরক্ষক জহিরউদ্দিন আহমেদ ও যশোর সার্কেলের তরিকুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব দিল্লার হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলীপ দত্ত ও সরদার শফিকুল ইসলাম।