রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে সবার সব কথা বিশ্বাস করে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট বিষয়ে সরকারের নীতিনির্ধারক ও শীর্ষস্থানীয় কর্মকর্তারা। গতকাল বুধবার বিকেলে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই আহ্বান জানান। আগামী ২২ অক্টোবর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে।
তাঁরা বলেন, সরকার দায়িত্ব নিয়ে, সবদিক বুঝেশুনেই প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে কারও দুশ্চিন্তার কোনো কারণ নেই।
সংবাদ সম্মেলনে প্রকল্পটির সামগ্রিক দিক উপস্থাপন করেন প্রকল্পের পরামর্শক খন্দকার আজিজুর রহমান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন। সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাঁরা বলেন, ভারত সরকার সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করতে দেয়নি বলে সেই কেন্দ্র বাংলাদেশে করা হচ্ছে—এর চেয়ে ভিত্তিহীন কথা দ্বিতীয়টি হতে পারে না। ভারতে ওরকম কিছু ঘটেছিল বলে জানা যায় না। রামপাল কেন্দ্রটি একান্তই বাংলাদেশের পরিকল্পিত। এর বিদ্যুৎ বাংলাদেশই ব্যবহার করবে। ভারতের সঙ্গে যৌথভাবে কেন্দ্রটি করা হচ্ছে মাত্র। তাঁরা বলেন, বিদ্যুৎকেন্দ্রটি সুন্দরবন থেকে নিরাপদ দূরত্বে করা হচ্ছে। এ প্রকল্পের জন্য সুন্দরবন এবং বাঘ রক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তির কোনো ধারা লঙ্ঘিত হবে না।
তাঁরা বলেন, উন্নত প্রযুক্তি ও ভালো কয়লা ব্যবহার করায় কেন্দ্রটি থেকে উল্লেখযোগ্য কোনো দূষণ ছড়াবে না। এলাকার মাটি, পানি, বায়ু ও বনের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না। বরং কর্মসংস্থান বাড়বে। অনুন্নত এলাকাটি উন্নয়নের মূল ধারায় উঠে আসবে।