রামপাল নিয়ে প্রতারণা করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেছেন, যুক্তি না থাকা সত্ত্বেও রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে সরকার একগুঁয়েমি করছে ও বিভ্রান্তি সৃষ্টি করছে। সরকার মানুষের সঙ্গে প্রতারণা ও জালিয়াতি করতে চাইছে। গতকাল রোববার সন্ধ্যায় জাতীয় কমিটির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২৪ নভেম্বর জাতীয় কমিটির ‘ঢাকায় চল’ এবং ২৬ নভেম্বর ঢাকায় ‘মহাসমাবেশ’ সামনে রেখে এ বিভাগীয় প্রতিনিধি সভার আয়োজন করা হয়। খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এ সভায় বিভাগের বিভিন্ন জেলার প্রতিনিধিরা অংশ নেন।
ইউনেসকোর প্রতিনিধিদলের সঙ্গে আন্দোলনকারীদের দেখা করতে না দেওয়ার ব্যাপারে আনু মুহাম্মদ বলেন, ‘ইউনেসকোর দলটিকে সরকার এমনভাবে ব্যস্ত রেখেছিল, যাতে তারা আমাদের সঙ্গে দেখা করতে না পারে। রামপালে নিয়ে গিয়ে আগে থেকে সাজানো কিছু মানুষের সঙ্গে তাদের কথা বলিয়ে দিয়েছে। কিছু আজ্ঞাবহ বিশেষজ্ঞের সঙ্গে সরকার কথা বলিয়ে দিয়েছে। কিন্তু ইউনেসকোর দলটি তাদের প্রতিবেদনে সুন্দরবনের জন্য রামপাল ক্ষতির কারণ হবে বলে মন্তব্য করেছে।’
তরুণদের মধ্যে সুন্দরবন রক্ষার উদ্যোগ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেন আনু মুহাম্মদ। আন্দোলনে বিভিন্ন বাধা প্রসঙ্গে তিনি বলেন, রামপাল নিয়ে আন্দোলনে দমন-নিপীড়ন চালানো হচ্ছে। যতই এসব করা হচ্ছে, ততই আন্দোলন চাঙা হচ্ছে।
রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়ে আনু মুহাম্মদ বলেন, ‘সরকার যত দেরি করবে তত ক্ষতি হবে বাংলাদেশের। ক্ষতি হবে সুন্দরবনের। ক্ষতি হবে সরকারেরও।’
জাতীয় কমিটির খুলনা বিভাগের আহ্বায়ক মনোজ দাশের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কমিটির খুলনার সদস্যসচিব দেলোয়ার উদ্দিন, বাগেরহাটের আহ্বায়ক রণজিৎ চট্টোপাধ্যায়, কুষ্টিয়ার সদস্যসচিব শফিউর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) খুলনা জেলার সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।