রামপাল নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে আজ শনিবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন হবে। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম গতকাল প্রথম আলোকে এ তথ্য জানান।
বাগেরহাটের রামপালে এই বিদ্যুৎ প্রকল্প করা নিয়ে দেশে পক্ষে-বিপক্ষে বিতর্ক রয়েছে। পরিবেশবাদী ও বামপন্থী বিভিন্ন সংগঠন শুরু থেকেই সুন্দরবনের কাছে এই বিদ্যুৎকেন্দ্র করার বিরোধিতা করে আসছে। সর্বশেষ গত বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে এ প্রকল্পকে ‘দেশবিরোধী’ বলে আখ্যা দিয়ে সুন্দরবনের স্বার্থে প্রকল্পটি বন্ধ করার দাবি জানান। এর দুদিন পর আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আজকের সংবাদ সম্মেলনে রামপাল নিয়ে খালেদা জিয়া যেসব তথ্য-উপাত্ত দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা খণ্ডাতে পারেন এবং এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের যৌক্তিকতা তুলে ধরবেন।