রামপাল নিয়ে বিজ্ঞাপন বিভ্রান্তিকর ও প্রতারণামূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নিয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত সরকারি বিজ্ঞাপনকে ‘বিভ্রান্তিকর ও প্রতারণামূলক’ বলে আখ্যা দিয়ে এটা বন্ধ করার দাবি জানিয়েছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল। তিনি বলেন, মিথ্যা তথ্যের ওপর এই বিজ্ঞাপন নির্মিত। এটা অবশ্যই বন্ধ করা উচিত।
গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুলতানা কামাল এসব কথা বলেন। রামপাল বিদ্যুৎকেন্দ্রের সর্বশেষ অবস্থা ও সরকারি অবস্থান জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে লিখিত বক্তব্যে সুলতানা কামাল বলেন, সার্বিক বিচারে বাংলাদেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর এই কয়লাভিত্তিক প্রকল্প কোনো বিবেচনা, কোনো যুক্তিতেই জ্ঞান-বুদ্ধিসম্পন্ন সচেতন মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। কোনো দিনই এটা গ্রহণযোগ্য হবে না।
সুলতানা কামাল বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় বুক পেতে দিয়ে লাখ লাখ মানুষ, প্রাণ ও সম্পদকে রক্ষার মাধ্যমে সুন্দরবন প্রমাণ করেছে, এটা বাংলাদেশের প্রাকৃতিক বর্ম। অথচ সেই সুন্দরবনকে সরকারি উদ্যোগে কয়লাবিদ্যুৎকেন্দ্র নির্মাণের মাধ্যমে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার মতো আত্মঘাতী ও স্ববিরোধী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ‘আসলে সুন্দরবন প্রশ্নে বাংলাদেশ সরকারের অবস্থান আর জলবায়ু প্রশ্নে তার অবস্থান ও আকাঙ্ক্ষা পরস্পরবিরোধী। কারণ, জলবায়ু-সংকট মোকাবিলা করতে হলে সুন্দরবনকে অক্ষত রাখা আমাদের প্রধান ও পরম দায়িত্ব।’
সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, রামপাল নিয়ে ইউনেসকোর যে প্রতিবেদন, তা জাতিসংঘের মহাসচিব অনুমোদন করেছেন। তাদের প্রতিবেদন যে রামপাল বিদ্যুৎকেন্দ্রর বিরুদ্ধে, সেটা প্রমাণিত। এর বৈজ্ঞানিক ভিত্তি আছেই বলে জাতিসংঘ এটা করেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিজেরা করির খুশী কবির, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক বদরুল ইমাম প্রমুখ।