রামপাল নিয়ে বিভ্রান্তমূলক তথ্য প্রচার হচ্ছে: প্রতিমন্ত্রী
দেশে উন্নয়নের নতুন দিগন্তের দ্বার উন্মোচনকারী বাগেরহাটের রামপালে নির্মিতব্য ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নিয়ে একটি মহল, কতিপয় ব্যক্তি ও সংগঠন বিভ্রান্তমূলক তথ্য প্রচার করছে। এমন সব কর্মকাণ্ড করছে যা ভিত্তিহীন, দেশের স্বার্থ বিরোধী উন্নয়নের ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস ছাড়া আর কিছুই না।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন। আজ সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে সুন্দরবনের ওপর নির্ভরশীল স্থানীয় অধিবাসীদের নির্ভরশীলতা কমবে। বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হবে। সুন্দরবন সংরক্ষণে ভূমিকা রাখবে। আর প্রকল্প বাস্তবায়ন বিলম্ব হলে বিদ্যুৎ খাতের পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হবে। দেশের স্বার্থে বিদ্যুৎকেন্দ্রটির সফল বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ বিদ্যুৎ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক উজ্জল ভট্টাচার্য বলেন, যুক্তরাষ্ট্রের মোট বিদ্যুতের ৪০ শতাংশই কয়লা থেকে আসে। বাংলাদেশে তা মাত্র দুই শতাংশ। বিদ্যুৎকেন্দ্রটির অবস্থান এমন জায়গায় অবস্থিত যে, সেখান থেকে ধোঁয়ামিশ্রিত বাতাস সুন্দরবনের দিকে যাবে না। ফলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।
পরিবেশ অধিদপ্তরের সাবেক পরিচালক মো. শাহজাহান বলেন, ৬৬টি শর্তে রামপাল বিদ্যুৎকেন্দ্রের পরিবেশ ছাড়পত্র দেওয়া হয়েছে। তা যদি সঠিকভাবে পালন করা হয় তাহলে সুন্দরবনের ক্ষতি হওয়ার কথা না। তবে ওই শর্তগুলো সঠিকভাবে পালন হচ্ছে কি না তা তদারকির জন্য একটি পর্যবেক্ষণ প্রক্রিয়া দরকার। শর্তের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির জন্য যে ভালোমানের কয়লার কথা বলা হয়েছে তাও নিশ্চিত করতে হবে।
দেশের এত জায়গা থাকতে সুন্দরবনের পাশে রামপালে কেন বিদ্যুৎকেন্দ্র করা হচ্ছে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ক্ষেত্রে সারা দেশের প্রত্যেকটি অঞ্চলকে গুরুত্ব দিয়েছি। ফলে পটুয়াখালীতে যেমন বিদ্যুৎকেন্দ্র হচ্ছে, তেমন কক্সবাজারে ও রামপালেও হচ্ছে। সমালোচনা থাকবে ভিন্ন মতও থাকবে এটাই স্বাভাবিক। এই প্রকল্পের মাধ্যমে যেন সুন্দর বনের কোনো ক্ষতি না হয় সেটা নিশ্চিত করেছি।