রামপাল নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে বিভ্রান্তি না ছড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, রামপাল প্রকল্প নিয়ে যাঁরা ষড়যন্ত্রে নেমেছেন, বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাঁরা একসময় পদ্মা সেতু প্রকল্পেরও বিরোধিতা করেছেন। বলেছেন, পদ্মা নদীতে সেতুর পিলার বসানো হলে ইলিশের প্রজনন বন্ধ হয়ে যাবে।
ময়মনসিংহ-৮ আসনের সাংসদ ফখরুল ইমামসহ কয়েকজন সাংসদের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, রামপাল প্রকল্পের কারণে যদি ৪০ বছরে ছয় হাজার লোকের মৃত্যু হয়, তাহলে চীনের সহায়তায় নির্মিতব্য পায়রা প্রকল্পের কারণেও তো তা-ই হওয়ার কথা। মহেশখালী, মাতারবাড়ি, বাঁশখালী—সব প্রকল্প মিলে তাহলে অনেক লোকের মৃত্যু হবে। কিন্তু সেগুলো নিয়ে কোনো কথা শোনা যায় না।
প্রতিমন্ত্রী বলেন, দেশের পরিবেশ আইন, বিধিবিধান মেনে রামপাল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এ প্রকল্পে। কাজেই এ প্রকল্প নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
প্রতিমন্ত্রী বলেন, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডকে (বিএইচইএল) নরওয়ের তহবিল প্রদানের তালিকা থেকে বাদ দেওয়া রামপাল প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয় নয়। এ প্রকল্পে টাকা দিচ্ছে ভারতের এক্সিম ব্যাংক।