রামপাল নিয়ে মোদিকে চিঠি দেবে জাতীয় কমিটি
রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে ১৮ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে খোলা চিঠি দেবে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। ওই দিন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কাছে এই চিঠি হস্তান্তর করা হবে।
গতকাল বৃহস্পতিবার পল্টনের মুক্তি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ।
ভারতের প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দেওয়ার কারণ ব্যাখ্যা করে আনু মুহাম্মদ বলেন, ‘আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছেও একটি খোলা চিঠি দিয়েছিলাম। ভারত যেহেতু এ প্রকল্পের অন্যতম অংশীদার এবং ভারতীয় অংশেও সুন্দরবন রয়েছে, সেহেতু আমরা সুন্দরবন রক্ষায় ভারতের প্রধানমন্ত্রীকেও চিঠি দেব।’ তিনি আরও বলেন, এ প্রকল্প নির্মাণে মুখ্য ভূমিকা পালন করছে ভারতের রাষ্ট্রীয় বিদ্যুৎ প্রতিষ্ঠান এনটিপিসি, ভারতের রাষ্ট্রীয় নির্মাণ প্রতিষ্ঠান ভেল, অর্থায়নে ভারতের রাষ্ট্রীয় এক্সিম ব্যাংক, কয়লা সরবরাহকারী প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া। রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে এসব প্রতিষ্ঠান লাভবান হবে সুন্দরবন ধ্বংসের বিনিময়ে। বাংলাদেশে সুন্দরবন আক্রান্ত হলে ভারতের অংশের সুন্দরবনও ক্ষতিগ্রস্ত হবে। ইউনেসকোর সুপারিশ মেনে নিয়ে এ প্রকল্প বাতিল করার দাবি জানান আনু মুহাম্মদ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি প্রমুখ।